‘ই-বে’তে ডেমির পোশাক
গায়িকা ডেমি লোভাতো সম্প্রতি দাতব্য কাজে অর্থসংগ্রহের জন্য নিজের পোশাক বিক্রি করছেন বলে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
২০ বছর বয়সী গায়িকা ডেমি সম্প্রতি তার নিজের পোশাক বিক্রি শুরু করেছেন। পোশাক বিক্রি থেকে সংগৃহীত অর্থ তিনি দান করবেন উন্নয়নশীল দেশগুলোর শিশুদের সাহায্যের জন্য সংগঠিত ‘ফ্রি দ্য চিলড্রেন অর্গানাইজেশন’-এ।
‘কন্টাক্টমিউজিক’ জানিয়েছে, বর্তমানে অনলাইন মেগাস্টোর ‘ই-বে ডট কম’-এ পাওয়া যাচ্ছে ডেমির পোশাক। তিনি চাইছেন পোশাকগুলো বিক্রি করে যত বেশি সম্ভব অর্থ সংগ্রহ করতে।
ডেমি ‘ই-বে’তে তার পোশাক নিলামের হোমপেজে লেখেন, “আশা করছি আমার পোশাকগুলো পরে আপনারা ঠিক আমার মতোই আনন্দিত হবেন! ফ্রি দ্য চিলড্রেনের সঙ্গে আমার এই একাত্মতাকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি তারা সারা পৃথিবীতে শিশুদের জন্য অনেক ভালো কাজ করছে।”
