ঈদে ‘পেনাল্টি’
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ঈদকে সামনে রেখে তৈরি করছেন খ- নাটক ‘পেনাল্টি’। এর চিত্রনাট্য তৈরি করেছেন নিজেই। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জেনী, মাজনুন মিজান এবং তৌসিফ।
এ বিষয়ে নির্মাতা রাজ বলেন, “চলচ্চিত্র নির্মাণ আর ধারাবাহিক নাটকের ভিড়ে গেল প্রায় দেড় বছর ধরে কোনো খ- নাটক নির্মাণের সুযোগ হয়নি। লম্বা বিরতির পর এই খ- নাাটকের শুটিং করছি। ২১ মে মঙ্গলবার থেকে এর শুটিং চলছে উত্তরার বিভিন্ন লোকেশনে। শুটিং শেষ হবে ২৫ মে।
তিনি আরো বলেন, “থ্রিলার ঘরানার এই বিশেষ নাটকের দুই প্রধান চরিত্রে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল-জেনী। তবে এই নাটকের গল্পটি বলা যাবে না। শুধু এটুকু আগাম বলা যায়, ‘পেনাল্টি’র সব চরিত্রকে ছাপিয়ে মাজনুন মিজান ছাপ ফেলবেন সব দর্শকের মনে। মিজানকে কেন্দ্র করে দারুণ সব থ্রিল সিকোয়েন্স তৈরির চেষ্টা চালাচ্ছি আমরা।”
আসছে রোজার ঈদে ‘পেনাল্টি’ সম্প্রচার হবে যে কোন বেসরকারি টিভি চ্যানেলে।
বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় চ্যানেল নাইনে সম্প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ইডিয়টস’। একই চ্যানেলে একই চাঙ্কে সম্প্রচারের অপেক্ষায় আছে ‘গেইম’ নামের আরেকটি ধারাবাহিক। অন্যদিকে পূর্ণিমা-শুভ জুটি নিয়ে নির্মিত তার ২য় চলচ্চিত্র ‘ছায়া-ছবি’ মুক্তি পাচ্ছে রোজার ঈদে। একই সঙ্গে তার তৃতীয় চলচ্চিত্র ‘কানামাছি’ নির্মাণেরও ঘোষণা দিয়েছেন তিনি সম্প্রতি।
