জুটি বাঁধবেন ঐশ্বরিয়া-রণবীর
সাবেক বিশ্ব সুন্দরী এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রাই সৌন্দর্যে মুগ্ধ করেছেন পুরো বিশ্বকে, অন্যদিকে বলিউডে পা রাখার পরপরই অভিনয়গুণে নিজের জন্য স্থান করে নিয়েছেন অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি জানা গেছে, ইয়াশ রাজ ফিল্মসের পরবর্তী সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন দুই প্রজন্মের দুই অভিনয় শিল্পী। খবর জি মিডিয়া ব্যুরোর।
অ্যাশ এবং রণবীরকে নিয়ে সিনেমা নির্মাতে দারুণ আগ্রহী আদিত্য চোপড়া। এমনকি সিনেমাটি তিনি নিজেই পরিচালনা করতে পারেন বলে জানা গেছে। সিনেমাটির চিত্রনাট্য এরই মধ্যে অ্যাশ পড়েছেন এবং পছন্দ করেছেন। যদিও এ সব কিছুকেই এখনও গুজব বলেই ধরে নেওয়া হচ্ছে।
ঐশ্বরিয়া এর আগে ‘শব্দ’ সিনেমায় জায়েদ খানের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে আরও ছিলেন সঞ্জয় দত্ত।
