এবার যুক্তরাজ্যে তৈরি হচ্ছে ‘অমর আকবর অ্যান্টনি’
হলিউডি সিনেমার বলিউডি রিমেকের ধারা বেশ পুরনো। এবার অনেকটা উল্টো ধারাতেই বলিউডি সিনেমার রিমেক হচ্ছে ব্রিটেনে। পরিকল্পনাটি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা অতুল মালহোত্রার; বলিউডি ক্লাসিক ‘অমর আকবর অ্যান্টনি’-এর ইংরেজি রিমেক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর জি মিডিয়া ব্যুরোর।
আলোচিত ওই হিন্দি সিনেমাটির ইংরেজি ভার্সনের নামকরণ করা হবে ‘অমর আকবর টনি’। অন্যদিকে মূল সিনেমায় হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান ধর্মের বিষয় ফুটিয়ে তোলা হলেও রিমেকে হিন্দু ধর্মের বদলে শিখ ধর্মের চরিত্র তুলে ধরা হবে।
অভিনেতা রেজ কেপটন, মার্টিন ডেলাসি এবং স্যাম ভিন্সেন্টি সিনেমাটিতে বলিউডি অমিতাভ বচ্চন, ভিনোদ খান্না এবং ঋষি কাপুরের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে পারভিন বাবি, নিতু সিং এবং শাবানা আজমির চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেত্রী গোল্ডি নোটে, লরা এইকম্যান এবং কারেন ডেভিড।
