ইসাবেলার সাহায্যে সালমান
বলিউডি অভিনেতা সালমান খানের হাত ধরেই বলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। পরবর্তীতে তাদের সম্পর্কে ‘ফাটল’ ধরলেও এবার ক্যাটরিনার ছোট বোন ইসাবেলার সাহায্যে এগিয়ে এসেছেন সালমান। ইসাবেলার প্রথম সিনেমার ব্যাপারে সব ধরনের সাহায্য করবেন সালমান, এমনটাই জানিয়েছে জি মিডিয়া ব্যুরো।
বলিউডে ক্যাট ছাড়াও বেশ কয়েকজন অভিনেত্রীকে প্রতিষ্ঠায় সহায়তার পিছনে অবদান রেখেছেন ৪৭ বছর বয়সী সালমান। সম্প্রতি তিনি ‘ড. ক্যাবি’ নামের একটি কানাডিয়ান সিনেমার প্রযোজনা করতে যাচ্ছেন। আর ওই সিনেমার মধ্য দিয়েই চলচ্চিত্রজগতে যাত্রা শুরু করতে যাচ্ছেন ইসাবেলা।
বিষয়টি নিয়ে ইরোজ ইন্টারন্যাশনালের মুখপাত্র জানান, অডিশনের মধ্য দিয়েই অন্যসব অভিনেত্রীর মতোই ইসাবেলাকে বেছে নেওয়া হয়েছে। আর চরিত্রটির জন্য তিনি আদর্শ।
সিনেমাটি ভারতে পরিবেশন করবে ইরোজ ইন্টারন্যাশনাল। প্রায় ২ কোটি ৫০ লাখ ডলারে তৈরি হবে ‘ড. ক্যাবি’।
সিনেমাটিতে ইসাবেলা ছাড়াও থাকছেন বিনয় ভির্মানি। ২০১১ সালের ‘স্পিডি সিং’ সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। আরও আছেন হলিউডি অভিনেতা আদ্রিয়ান পালিকি। এছাড়া ‘দ্য বিগ ব্যাং থিওরি’-খ্যাত অভিনেতা কুনাল নায়ারও সিনেমাটির মাধ্যমে আসছেন বড় পর্দায়।
