আবারও টপচার্টে সাই
‘গ্যাংনাম স্টাইল’-এর পর দক্ষিণ কোরিয়ার গায়ক সাইয়ের নতুন গান ‘জেন্টেলম্যান’ এবার অবস্থান করছে টপচার্টে, আর তাই শ্রোতার মনে স্থান করতে পেরে আনন্দিত সাই। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘ডিজিটাল স্পাই’ জানিয়েছে, নতুন গানটি প্রকাশের আগের এক সপ্তাহ দারুণ ব্যস্ত ছিলেন সাই। এ বিষয়ে সাই বলেন, ‘এপ্রিলের ১২ তারিখে আমি গানটি প্রকাশ করি আর ১৩ তারিখে ছিল কোরিয়াতে আমার একটি বড় কনসার্ট। গানটির শুটিং সারতে হয়েছে পরের দুদিনে। প্রচ- ব্যস্ততার মধ্যে কেটেছে সময়।’
সাই আরও জানান, প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত অনেকবার গানটিতে অদল বদল করেছেন তিনি। তিনি বলেন, “আমি সত্যিকার অর্থে অনেকবার গানটির অনেক কিছুই বদলেছি। আমি গানটি নিয়ে উত্তেজিত ছিলাম না তবে খুবই নার্ভাস ছিলাম। আমার একমাত্র লক্ষ্য ছিল আমি যেন শেষ পর্যন্ত শুধুমাত্র একটি হিট গানের শিল্পী হিসেবে হারিয়ে না যাই।”
সাই আরও জানান, গানটি প্রকাশের দুই সপ্তাহ পরেই ইউটিউবে এটি ২ কোটি ৩০ লক্ষবার দেখা হয়।
‘জেন্টেলম্যান’ গানটি বর্তমানে ইউকে টপচার্টে ১০ নম্বরে এবং আমেরিকান বিলবোর্ড হট ১০০ টপচার্টে ৫ নম্বরে রয়েছে।
