রবার্টকেই বিয়ে করব : ক্রিস্টেন
পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ‘টি টোয়েন্টি স্টাইলে’ প্রণয়ের বিষয়কে কেন্দ্র করে গত কয়েকমাস ধরেই সম্পর্কের টানাপোড়েনের ভেতর দিয়ে যাচ্ছিলেন হলিউডি জুটি রবার্ট প্যাটিনসন এবং ক্রিস্টেন স্টুয়ার্ট। এমনকী, ওই ঘটনার জের ধরে ছাড়াছাড়ি হয়ে গেছে এই ‘টোয়াইলাইট’-খ্যাত জুটির, এমন গুজবও শোনা গেছে বেশ কয়েকবার। তবে এবার টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নিকট ভবিষ্যতে রবার্টকেই বিয়ে করার পণ করেছেন ক্রিস্টেন।
ক্যালিফোর্নিয়ায় চলমান কোয়েচেলা মিউজিক ফেস্টিভ্যালে এই জুটিকে দেখা গেছে বেশ অন্তরঙ্গভাবেই। সেখানেই নাকি বন্ধুদের কাছে ক্রিস্টেন বলে বেড়াচ্ছেন, শিঘ্রই তার এবং রবার্টের সম্পর্ক নতুন একটি মোড় নেবে।
বিষয়টি নিয়ে গ্রাজিয়া ম্যাগাজিনে প্রকাশিত ক্রিস্টেনের উক্তিটি ছিল- ‘আমি রবার্টকেই বিয়ে করব।’
ক্রিস্টেনের ঘনিষ্ঠ বন্ধুদের একজন জানান, তার আঙুলে এখন শোভা পাচ্ছে একটি ‘কমিটমেন্ট রিং’। আংটিটি নাকি ক্রিস্টেনের ২৩তম জন্মদিনে তাকে উপহার দিয়েছেন রবার্ট। আর তাই সবকিছু মিলিয়ে তাদের সম্পর্ক এখন ভালোই চলছে, ধারণা করছেন তারা।
