দিনার ও জেনির ‘ফাইনাল ইফেক্ট’
সম্প্রতি নির্মিত হল টেলিফিল্ম ‘ফাইনাল ইফেক্ট’। মহিদুল হক মহিমের চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করেছেন এস এম আরিফ। ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তন্দ্রা, তানিয়া ইসলাম, তোহা, এ.কে. আজাদ, সিরাজুল ইসলাম ও ওয়াফাসহ অনেকে।
পরিচালক আরিফ গ্লিটজকে বলেন, “টিভি, পত্রিকার নেগেটিভ নিউজগুলো দিনারের মনে ব্যাপকভাবে প্রভাব ফেলে। যেসব নেগেটিভ নিউজ তিনি দেখেন বা পড়েন, তার বাস্তবায়ন ঘটতে থাকে অবচেতন মনে। এসব প্রতিরোধ করার জন্য হঠাৎ করেই চিৎকার করে ওঠেন মাঝেমধ্যে। পরে আবার বিব্রতবোধ করেন। কিন্তু একদিন তার স্ত্রী জেনিকে ডাকাতরা হত্যা করে। দিনার কোনো প্রতিবাদ করে না। কারণ সে মনে করে, এটা তার অবচেতন মনে ঘটেছে। এমনই এক গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ফাইনাল ইফেক্ট’।”
অভিনেতা দিনার বলেন, “প্রতিনিয়ত আমাদের চারপাশে নানা ধরনের অন্যায়-অপরাধ ঘটে চলেছে। এসব নেতিবাচক ঘটনায় অনেক মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। হারিয়ে ফেলছে আত্মবিশ্বাস। আর তা নিয়েই ‘ফাইনাল ইফেক্ট’।”
প্রযোজনা প্রতিষ্ঠান ইনসেপশন মিডিয়া লিমিটেড জানিয়েছে, শীঘ্রই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে টেলিফিল্মটি।
