হেমার আক্ষেপ
বলিউডি সিনিয়র অভিনেত্রী হেমা মালিনি জনপ্রিয়তা অর্জন করলেও ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার সুযোগ পাননি; সম্প্রতি এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
২১ এপ্রিল একটি অনুষ্ঠানে বলিউডে ‘ড্রিম গার্ল’খ্যাত ওই অভিনেত্রী বলেন, “আমি চাইতাম যেন, সত্যজিৎ রায়ের সঙ্গে একবার কাজ করার সুযোগ আমার হয়। তবে তা কখনও পূরণ হয়নি।”
হেমা জানান, ভারতীয় বাংলা সিনেমার একজন বড় ভক্ত তিনি। সত্যজিৎ রায় এবং অপর্ণা সেনের সিনেমা তার পছন্দের তালিকায় রয়েছে। সহ-অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে বিয়ের পর তার অভিনয়জীবনে বড় পরিবর্তন এসেছিল। এ ব্যাপারে তিনি বলেন, “বিয়ের সিদ্ধান্ত একজন অভিনেত্রীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে বিয়ে করবে না অভিনয় চালিয়ে যাবে সেটি ঠিক করা কঠিন। বিয়ে অভিনয় জীবনে প্রভাব ফেলে।”
৬৪ বছর বয়সি ওই অভিনেত্রী ‘ড্রিম গার্ল’, ‘শোলে’ এবং ‘সীতা আউর গীতা’র মতো বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য।
