আসছে ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্যা হান্টসম্যান ২’
‘স্নো হোয়াইট অ্যান্ড দ্যা হান্টসম্যান’ সিনেমার সিক্যুয়ালে কাজ করছেন হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। খবর ব্যাং শোবিজ-এর।
সম্প্রতি ইউনিভার্সাল পিকচারসের প্রধান অ্যাডাম ফগেলসন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্যা হান্টসম্যান’-এর দ্বিতীয় পর্বে অভিনয় করছেন ক্রিস্টেন। তিনি আরও জানান, সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালে।
গসিপ ওয়েবসাইট ‘জাস্টজ্যারেড ডট কম’ জানিয়েছে, সিনেমাটির স্টুডিও নির্বাহী নিশ্চিত করে বলেছেন ১৬ এপ্রিল লাস ভেগাসে অনুষ্ঠিত ‘সিনেমাকন’ উৎসবে ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্যা হান্টসম্যান’-এর নতুন পর্বের চুক্তি স্বাক্ষর করেছেন ক্রিস্টেন। তবে সিনেমাটির আরও দুই প্রধান চরিত্র হান্টসম্যান এবং ইভিল কুইন-এ অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ এবং শার্লিজ থেরন এবার কাজ করবেন কিনা- তা এখনও জানা যায়নি।
এ বিষয়ে গত বছরের ডিসেম্বর মাসে ক্রিস্টেন বলেছিলেন, ‘এটা খুবই মজার হবে। আমি খুবই উত্তেজিত। তবে আমি এই বিষয়ে এখনই কথা বলতে পারবো না, কারণ সবাই আমাকে নিষেধ করেছে।’
এর আগে ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্যা হান্টসম্যান’ সিনেমার পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ক্রিস্টেন, যার ফলে রুপার্টের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ ঘটে। ঘটনার সূত্র ধরে ক্রিস্টেনের সঙ্গে তার প্রেমিক রবার্ট প্যাটিনসনের সম্পর্কেও টানাপড়েন দেখা দেয়।
আর তাই ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্যা হান্টসম্যান’-এর ব্যাপক সাফল্যের পরও এবারের সিক্যুয়ালে পরিচালনার দায়িত্বে থাকছেন না রুপার্ট।
