‘লাজুক’ আনুশকা!
আত্মবিশ্বাসী এবং স্বাধীনচেতা চরিত্রের জন্য পরিচিত বলিউডি অভিনেত্রী আনুশকা শর্মা জানালেন, বাস্তবে নাকি, বেশ ‘লাজুক’ তিনি! খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
টাইমস অফ ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ডের আসরে ২৪ বছর বয়সি ওই অভিনেত্রী বলেন, ‘বাস্তব জীবনে আমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। সিনেমায় আমাকে যেভাবে দেখেন সেটা পুরোপুরি চরিত্রের একটি অংশ। মাঝে মাঝে সিনেমার চরিত্রগুলোর মতো হতে ইচ্ছে করে আমার। তবে তা হবার নয়, কারণ আমি খুবই লাজুক স্বভাবের।’
২০০৮ সালে ‘রাব নে বানা দি জোড়ি’ সিনেমার মধ্য দিয়ে আনুশকার বলিউডে পথ চলা শুরু হয়। ওই সিনেমার প্রাণবন্ত তানির পর ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার আত্মবিশ্বাসী এবং সাবলম্বী হতে উদ্যোগী শ্রুতি আর ‘যাব তাক হ্যায় জান’ সিনেমার একগুয়ে প্রামাণ্যচিত্র নির্মাতা আকিরা- এসব চরিত্রের মাধ্যমে বলিউডে আত্মবিশ্বাসী হিসেবে নিজের একটি স্থান তৈরি করে নিয়েছেন আনুশকা।
তবে সিনেমার চরিত্র থেকে সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী বলেই তিনি দাবি করেন। আনুশকা বর্তমানে আমির খানের সঙ্গে ‘পিকে’ সিনেমার কাজে ব্যস্ত আছেন।
