অ্যানিমেশনে ‘কৃশ’
সম্প্রতি অ্যানিমেশন প্রযোজনা প্রতিষ্ঠান ‘টুনজ’ জোট বেঁধেছে কার্টুন নেটওয়ার্কের সঙ্গে। সেই সঙ্গে বলিউডি পরিচালক রাকেশ রোশানের ফিল্ম ক্রাফ্ট প্রোডাকশনের সঙ্গেও হাত মিলিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, রাকেশ রোশান পরিচালিত জনপ্রিয় বলিউডি সিনেমা ‘কৃশ’-এর কাহিনী অবলম্বনে অ্যানিমেটেড সিনেমা নির্মাণের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
রাকেশ রোশান পরিচালিত ‘কোয়ি মিল গ্যায়া’ এবং ‘কৃশ’ সিনেমা দু’টি বলিউডি জগতের প্রথম সুপারহিরো সিনেমা হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলো। খুব শিগগিরি মুক্তি পেতে যাচ্ছে ওই সিরিজের তৃতীয় সিনেমা ‘কৃশ ২’।
ভারতের টুনজ অ্যানিমেশনের প্রধান পি জয়কুমার বিষয়টি সম্পর্কে বলেন, ‘অ্যানিমেশনে ‘কৃশ’ সিরিজকে রূপান্তরের পরিকল্পনাটি সত্যিই অসাধারণ। জনপ্রিয় পরিচালক রাকেশ রোশান এবং কার্টুন নেটওয়ার্কের সঙ্গে কাজ করার সুযোগটিও দারুণ।’
সিনেমাটিতে কৃশের ছোটবেলার কাহিনী তুলে ধরা হবে। যেখানে দেখানো হবে ছোট কৃশ তার শক্তির মাধ্যমে সকলকে সাহায্য করার চেষ্টা করে। জয়কুমার জানিয়েছেন, ৪টি সিনেমার ওই সিরিজের জন্য ২৪ মাসের একটি চুক্তি করা হয়েছে। সিরিজের প্রথম সিনেমা ‘কিড কৃশ’ ১৪ জুলাই কার্টুন নেটওয়ার্কে প্রচারিত হবে।
টুনারের দক্ষিণ এশিয়ার পরিচালক সিদ্ধার্থ জায়েন বলেন, ‘বাচ্চাদের কাছে ‘কৃশ’ সিনেমাটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। তাই আশা করছি প্রিয় সিনেমার অ্যানিমেশনও তারা আগ্রহ নিয়ে দেখবে। আর তাই সিনেমাটি প্রচারের জন্য কার্টুন নেটওয়ার্ককেই বেছে নিয়েছি আমরা।’
অন্যদিকে দেওয়ালির মৌসুমে মুক্তির প্রতীক্ষায় রয়েছে ‘কৃশ ৩’ সিনেমাটি। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে হৃত্বিক রোশান ছাড়াও অভিনয় করছেন প্রিয়াংকা চোপড়া, কঙ্গনা রানাওয়াত এবং বিবেক ওবেরয়।
