বিদ্যাকেই পছন্দ বিবেকের
টি সিরিজের ব্যানারে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বলিউডি চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। আর সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের জন্য অভিনেত্রী বিদ্যা বালানই তার প্রথম পছন্দ। খবর জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
‘ধান ধানা ধান গোল’ সিনেমাটির পরিচালক বিবেক এ বিষয়ে বলেন, ‘সিনেমাটির জন্য আমার বিদ্যা বালানই প্রথম পছন্দ। তবে বিদ্যা ‘কাহানী’ সিনেমার সিক্যুয়ালের কাজে ব্যস্ত আছেন। ওই সিনেমাটির কাজ শেষ হলে তিনি নতুন কাজ হাতে নেবেন।’
তিনি আরও বলেন, ‘বিদ্যার পর অন্যান্য চরিত্রের জন্য যোগ্য অভিনেত্রী খুঁজছি আমরা। এখন সময়ই সব বলে দেবে।’
সিনেমাটির বিষয়ে বিবেক বলেন, ‘বর্তমান সমাজে নারীর অবস্থান নিয়েই মূলত সিনেমাটি নির্মিত হবে। এটি একটি সাসপেন্স থ্রিলার ভিত্তিক সিনেমা।’
