অজয়ের জন্মদিন
‘ফুল আউর কাঁটে’ সিনেমার মধ্য দিয়ে ১৯৯১ সালে বলিউডি জগতে যাত্রা শুরু করেছিলেন অভিনেতা অজয় দেবগান। ‘লাভার বয়’ হিসেবে যাত্রার সূচনা হলেও বর্তমানে বলিউডের ‘লায়ন কিং’ হিসেবে পরিচিত ওই অভিনেতা ২ এপ্রিল পা রাখলেন জীবনের ৪৪ তম বছরে। খবর জি নিউজ ব্যুরোর।
‘ওমকারা’ সিনেমার পর ‘গোলমাল’ সিনেমার গোপাল এবং তারপর ‘সিংঘাম’, প্রতিটি সিনেমাতেই এক ধাপ এগিয়ে এসে নিজেকে উপস্থাপন করেছেন অজয়।
প্রয়াত অ্যাকশন মাস্টার ভিরু দেবগানের ছেলে অজয় সম্প্রতি সাজিদ খান পরিচালিত ‘হিম্মতওয়ালা’ সিনেমায় লড়াই করেছেন বাঘের সঙ্গে। এখনও এ ধরনের দৃশ্যের জন্য নিজেকে মানানসই রেখেছেন তিনি।
টিনসেলে নিজের স্থানকে পাকাপোক্ত করার পাশাপাশি পারিবারিক দিক দিয়েও নিজেকে আদর্শ স্বামী এবং বাবা হিসেবে প্রমাণ করেছেন অজয়। ১৯৯৯ সালে বলিউডি অভিনেত্রী কাজলের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর বর্তমানে ৯ বছরের মেয়ে নায়সা এবং ২ বছরের ছেলে যুগের পিতা তিনি।
