যুদ্ধশিশুর ভূমিকায় সজল
সম্প্রতি আনিসুল হক রচিত ‘নাড়ির বন্ধন’ শিরোনামের একটি টেলিফিল্ম তৈরি করা হয়েছে। এটি পরিচালনা করেছেন নুজহাত আলভী। এতে যুদ্ধশিশুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সজল। এতে আরো অভিনয় করেছেন বিন্দু, শর্মী মালা, একে আজাদ সেতু প্রমুখ।
এ বিষয়ে নুজহাত আলভী বলেন, ‘টেলিফিল্মটিতে সজল মশিউল নামে এক যুদ্ধশিশুর চরিত্রে অভিনয় করেছেন। মশিউলের বাবা একজন মুক্তিযোদ্ধা। শৈশবে এলাকার অনেকেই তার জন্ম এবং পিতৃ পরিচয় নিয়ে মজা করতো। বলতো, তার বাবা নাকি পাঞ্জাবি মিলিটারি! শিশু মশিউল রাগে-অভিমানে বাড়ি ছেড়ে চলে যায়। ঘটনাক্রমে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে একজন অস্ট্রেলীয় নাগরিক মশিউলকে সঙ্গে করে নিয়ে যান নিজ দেশে।
এরপর থেকে সেখানেই বড় হয়েছে মশিউল। সেখানেই প্রতিষ্ঠিত সে। দীর্ঘ চল্লিশ বছর পর সে নাড়ির টান অনুভব করে। মশিউল দেশে ফিরে আসে কাটাখালি গ্রামের সন্ধানে।’
স্বাধীনতা দিবসের বিশেষ টেলিফিল্মটি প্রচারিত হবে এশিয়ান টেলিভিশনে রাত ৯টায়।
