২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দি ডিরেক্টর’ এর জন্য আপিল

২৫ ফেব্রুয়ারি কবি ও নির্মাতা কামরুজ্জামান কামুর পরিচালিত চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’ প্রদর্শনে আপত্তি জানিয়েছিলো সেন্সর বোর্ড। ২১ মার্চ সেই পরিপ্রেক্ষিতে চলচ্চিত্রটির সেন্সর ছাড়পত্রের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেছেন নির্মাতা।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 12:55 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

এ বিষয়ে নির্মাতা কামু গ্লিটজকে বলেন ‘আমি আসলে মানুষকে আমার ছবিটা দেখাতে চাই। এটা আমার ছবি, আমার ভাষার ছবি, আমার প্রেম ও আবেগের ছবি। এটা নতুন সময়ের ছবি। এ ছবি মানুষকে দেখানো দরকার।’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন পরিষদ (বিএফডিসি)-এর সেন্সর বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত হয় চলচ্চিত্রটি। তথ্য মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত চিঠিতে কারণ হিসেবে উল্লেখ করা হয়- ‘চলচ্চিত্রটিতে মূল কাহিনী অপর্যাপ্ত, অশ্লীল ভাষার ব্যবহার ও একটি সাংস্কৃতিক পেশার গোষ্ঠিকে হেয়ভাবে উপস্থাপন করা হয়েছে।’

নির্মাতা আরো বলেন, ‘নতুন দিনের সিনেমার বিকাশে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এমন সময়ে তরুণ প্রজন্মের চলচ্চিত্রকে অবদমিত না করে অনুপ্রাণিত করা হবে, এমনটাই আমরা আশা করি সরকারের কাছে। আমি আশা করছি, আপিল বোর্ড আমার ছবিটির প্রতি সংবেদনশীল থাকবেন, এবং সময়ের দাবিকে সুবিবেচনায় নিয়ে ছবিটিকে সেন্সর সার্টিফিকেট দেবেন।’

তিনি জানিয়েছেন, আপিলের রায় পেতে মাস খানেক সময় লেগে যেতে পারে।

কামরুজ্জামান কামুর চিত্রনাট্য ও পরিচালনায় ‘দি ডিরেক্টর’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, মোশররফ করিম, তানভীন সুইটি, নাফিজা জাহান, তারেক মাহমুদ, বাপ্পি আশরাফ, কচি খন্দকার, নাফা এবং কামরুজ্জামান কামু।