সঞ্জয়ের সাজা: হতাশ বলিউড
১৯৯৩ সালে ভারতের মুম্বাই-এ ভয়াবহ বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বলিউডি অভিনেতা সঞ্জয় দত্তের কারাদ- ৬ বছর থেকে ৫ বছরে কমিয়ে আনার আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। রায় প্রকাশের সঙ্গে সঙ্গেই এর বিরূদ্ধে টুইটারে হতাশ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলিউডি তারকারা।
প্রযোজক এবং পরিচালক কুনাল কোহলি লিখেছেন, ‘৯৩ সালের হামলার ঘটনার বলি সঞ্জয় দত্তকে বানানো উচিত নয়। এর মূল পরিকল্পনাকারীরা এখনো পাকিস্তানে নিরাপদে বসে আছে। তাদেরকে ধরে আইনের আওতায় না নিয়ে আসা পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার পাওয়া কখনোই সম্ভব নয়।’
প্রযোজক এবং পরিচালক মহেশ ভাট লিখেছেন, ‘হৃদয় ভেঙ্গে গেছে। এইমাত্র শুনলাম সঞ্জয়ের ৫ বছরের কারাদ- হয়েছে। আদালতের কাছ থেকে এব্যাপারে করুণা আশা করেছিলাম। আফসোস, সেটা আর হলো না।’
সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি লিখেছেন, ‘বরাবরের মতোই আমি এখনো সঞ্জয় দত্তের পাশে আছি, থাকবো। তিনি আমার ভাই; তিনি ভুল করেছিলেন এবং মানসিক দিক থেকে তার যতোটুকু সাজা পাওয়া উচিত, তার চেয়ে অনেক বেশি তিনি এর মধ্যেই ভোগ করেছেন। আমি আইনের বিরূদ্ধে দাঁড়াচ্ছি না, কিন্তু এটা ভেবে মন ভেঙ্গে যাচ্ছে যে, সঞ্জয়কে এখন এটার মুখোমুখি হতে হচ্ছে।’
সঙ্গীত শিল্পী শ্বেতা প-িত লিখেছেন, ‘এটুকই বলবো, আমার দেখা বলিউডের প্রিয়তম এবং অসাধারণ মানুষগুলোর মধ্যে একজন সঞ্জয়। তার জন্য এই রায় আসলেই অনেক বেশি কঠিন হয়ে গেল।’
অভিনেতা আফতাব শিবদাসানি লিখেছেন, ‘সঞ্জয় দত্তের জন্য দুঃখিত। তার এবং তার পরিবারের জন্য সমবেদনা। তিনি বরাবরই ছিলেন একজন যোদ্ধা, আছেন এবং থাকবেনও।’
এদিকে রায় ঘোষণার পরও ভেঙে পড়েননি সঞ্জয়। সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ‘আমি এখনো শক্ত আছি; ভবিষ্যতেও থাকবো।’
