চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা
আন্তর্জাতিক চলচ্চিত্র প্রশিক্ষকদের তত্ত্বাবধানে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে ঢাকা ফিল্ম সোসাইটি ও মুকুল অ্যান্ড গেটো টাইগার্স। দ্বিতীয়বারের মতো আয়োজিত ওই কর্মশালা পরিচালনা করবেন যুক্তরাজ্যের চলচ্চিত্র নির্মাতা লরেন্স পস্মা, যুক্তরার্ষ্টের সিনেমাটোগ্রাফার হেনরিক স্মিলদিগার, ও বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা মানযারে হাসীন মুরাদ এবং রতন পাল।
‘চলচ্চিত্র নির্মাণ বিষয়ক এক কর্মশালা’ শীর্ষক এ কর্মশালা শুরু হবে ২০ মার্চ, বুধবার থেকে। দশদিনের ওই কর্মশালায় চলচ্চিত্র নির্মাণের প্রত্যেকটি ধাপ- চিত্রনাট্য, পরিচালনা, আলোকসজ্জা ও সম্পাদনা বিষয়ে তত্ত্বীয় ও কারিগরি প্রয়োগ শেখানো ও দেখানো হবে। পাঁচদিনের ক্লাসের পর নির্বাচিত ২০ জন অংশগ্রহণকারী দুই দলে বিভক্ত হয়ে কর্মশালা পরিচালকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুইটি চলচ্চিত্র নির্মাণে অংশ নেবেন।
এবারের পুরো কর্মশালাটির মূল পরিচালক ও সমন্বয়কারী হিসেবে কাজ করবেন যুক্তরাজ্যের চিত্রনাট্যকার ও নির্মাতা, ফারুক দন্ডি। দশদিন ব্যাপী কর্মশালা চলবে ধানমন্ডির ‘ঢাকা আর্ট সেন্টার’ এ, প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। কর্মশালার জন্য আগ্রহীরা যোগাযোগ করতে পারেন ৫/২, ব্লক-এ লালমাটিয়া ও চর্চা, ১৩৪ কনকর্ড এম্পরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন ঠিকানায়।
