অশ্বিনীর জন্য ‘লাকি’ অজয়
‘অতিথি তুম কাব জাওগে?’ এবং ‘সান অফ সর্দার’-এর মতো পরপর দু’টি সফল সিনেমার পর আবারও বলিউডি অভিনেতা অজয় দেবগানের সঙ্গে কাজ করতে চান পরিচালক অশ্বিনী ধীর। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
ধীর এ বিষয়ে বলেন, ‘বর্তমানে দুই তিনটি সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছি আমি। এর মধ্যে কোনটির শুটিং প্রথমে হবে সে বিষয়ে এখনও নিশ্চিত নই। তবে আমি এতটুকু বলতে পারি যে আমার সিনেমায় অজয় অবশ্যই থাকবেন। তার সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে।’
তিনি আরও বলেন, ‘অজয়ের সঙ্গে ‘অতিথি তুম কাব জাওগে?’ এবং ‘সান অফ সর্দার’-এ দু’টি সিনেমায় কাজ করেছি আমি। আর দু’টি সিনেমাই সাফল্য পেয়েছে। সে আমার জন্য ‘লাকি’।’
কমেডি নিয়ে কাজ করে থাকলেও এবার ভিন্ন স্বাদের কিছু করতে চাইছেন ধীর। তিনি বলেন, ‘পরিচালক হিসেবে ভিন্ন ভিন্ন ধারার সিনেমা নিয়ে কাজ করতে চাই আমি। যেগুলো নিয়ে কাজ করছি তার মধ্যে রোমান্টিক, অ্যাকশন ড্রামা রয়েছে। দেখা যাক কোনটি নিয়ে প্রথমে কাজ করা যায়।’
