ঢাকায় সুইস ব্যান্ড ‘এ্যালিস’
সুইস ব্যান্ড ‘এ্যালিস’ বাংলাদেশে আসছে। ব্যান্ডটি ১৫ ও ১৬ মার্চ দু’টি কনসার্টে অংশ নেবে। কনসার্টটির আয়োজন করেছে সুইজারল্যান্ড দূতাবাস। তাদের সার্বিক সহযোগিতা করছে আলিয়ঁস ফ্রঁসেস।
বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের রিসার্চ ও কমিউনিকেশন অফিসার খালেদ ইকবাল চৌধুরী গ্লিটজকে বলেন, সুইজারল্যান্ড-বাংলাদেশের বন্ধুত্ব ও সম্পর্কের ৪০ বছর উদযাপন উপলক্ষে পারফর্ম করবে সুইস ব্যান্ড এ্যালিস (www.alice.mu)। তারা ঢাকায় দু’টি কনসার্টে অংশ নেবে।
তিনি আরো বলেন, প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে ১৫ মার্চ গুলশানের কুপা কফি ক্লাবে। এতে সুইস ব্যান্ডটি ছাড়াও অংশ নেবে বাংলাদেশের ব্যান্ড ‘অ্যাপল জিভি’। ১৬ মার্চ ‘এ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে। ১৬ মার্চ ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেস-এ আরেকটি কনসার্টে অংশ নেবে দলটি। ওইদিন আরো থাকছে বাংলাদেশের ‘অ্যাপল জিভি’ ও ‘বিপরীত’। দুই দিনই কনসার্ট শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
খালেদ ইকবাল চৌধুরী জানিয়েছেন, এ্যালিস ঢাকায় ইংরেজি ও ফরাসি গান করবে। দু’টি কনসার্টে জন্য সংগীত পিপাসুরা টিকিট সংগ্রহ করতে পারবেন ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেস-এর অফিস থেকে।
