‘গেরিলা’র সাফল্য গণজাগরণ মঞ্চকে উৎসর্গ
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১১-এর সেরা চলচ্চিত্রের পুরস্কারসহ মোট দশটি বিভাগে পুরস্কার পেয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’। এই অর্জনকে শাহবাগের গণজাগরণ মঞ্চের তরুণ, ব্লগারসহ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের উৎসর্গ করেছেন সিনেমাটির পরিচালক নাসির উদ্দীন ইফসুফ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ মার্চ বিকালে ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার গ্রহণ শেষে অনুভূতি জানাতে গিয়ে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমার সিনেমাটি তৈরির পরে এটি উৎসর্গ করেছিলাম আমাদের স্বাধীনতার সংগ্রামে ত্রিশ লাখ শহীদের উদ্দেশ্যে। আর এখন চলচ্চিত্রের ক্ষেত্রে জাতীয় সেরা অর্জনটিকে উৎসর্গ করছি শাহবাগের গণজাগরণ মঞ্চের তরুণদের, ব্লগারদের এবং স্বাধীনতা যুদ্ধের চেতনায় এই প্রজন্মের যেসব তরুণ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদেরকে।’
সিনেমাটির জন্য প্রযোজক ফরিদুর রেজা সাগর ও এষা ইউসুফ, সেরা অভিনেত্রী জয়া আহসান, সেরা খলচরিত্র শতাব্দী ওয়াদুদ, সেরা চিত্রনাট্যকার নাসির উদ্দিন ইউসুফ ও ইবাদুর রহমান, সেরা সংলাপ লেখক নাসির উদ্দিন ইউসুফ, সেরা সম্পাদক সামির আহমেদ, সেরা শিল্প নির্দেশক অনিমেশ আইচ, সেরা মেকাপ ম্যান মোহাম্মদ আলী বাবুল, সেরা কস্টিউম ডিজাইনার শিমুল ইউসুফ পুরস্কার পেয়েছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১১ এর আরো পুরস্কার পেয়েছেন, আজীবন সম্মাননা- আবদুর রাজ্জাক, সেরা অভিনেতা ফেরদৌস আহমেদ (কুসুম কুসুম প্রেম), সেরা সহ-অভিনেতা এম এ আলমগীর, সেরা সহ-অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা (কে আপন কে পর), সেরা প্রামাণ্য চলচ্চিত্র আলবদর, সেরা সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ (প্রজাপতি), ও মিশা সওদাগর (বস নাম্বার ওয়ান), সেরা শিশু চরিত্র শামন্তি (খ- গল্প-১৯৭১), সেরা গল্প লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল (আমার বন্ধু রাশেদ), সেরা সঙ্গীত শিল্পী (পুরুষ) কুমার বিশ্বজিৎ (মা আমার চোখের মনি), সেরা সঙ্গীত শিল্পী (মহিলা) নাজমুল মুনিরা ন্যান্সি (প্রজাপতি), সেরা লিরিক শফিক তুহিন (প্রজাপতি), সেরা মিউজিক কম্পোজার ইমন সাহা (কুসুম কুসুম প্রেম), সেরা ক্যামেরাম্যান এল অপু রোজারিও (আমার বন্ধু রাশেদ), সেরা রেকর্ডিং রতন পাল (আমার বন্ধু রাশেদ)।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ ও তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।
