২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের ‘মিউজিক বাজ’ ঢাকা এফএম-এ

সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘মিউজিক বাজ’ এখন থেকে একই সঙ্গে একাত্তর টিভি এবং ঢাকা এফ এম ৯০.৪ এ সরাসরি সম্প্রচারিত হবে। এই অনুষ্ঠানটি একই সঙ্গে রেডিওর শ্রোতারা শুনতে পারবেন এবং টিভির দর্শকও উপভোগ করবেন।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 03:57 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

প্রতিষ্ঠান দু’টির কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে দুই উপস্থাপকের সঙ্গে যোগ হচ্ছেন একজন রেডিও জকি। তিনি রেডিও স্টেশন থেকে টিভির স্টুডিওর উপস্থাপকদের সঙ্গে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেডিও জকির কর্মকান্ড টিভি দর্শকরা উপভোগ করবেন। অপর দিকে সঞ্চালকদের আলাপচারিতা, স্টুডিওতে উপস্থিত অতিথির কথা এবং টিভিতে সম্প্রচারিত গান রেডিও শ্রোতারাও শুনতে পাবেন।

৭ মার্চ রেডিও এফএম এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে একথা জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন একাত্তর টিভির  পরিচালক বার্তা সৈয়দ ইসতিয়াক  রেজা, কারেন্ট এ্যাফেয়ার্স ও অনুষ্ঠান প্রধান নূর সাফা জুলহাজ, প্রোগ্রাম এডিটর শবনম ফেরদৌসী, হেড অব মার্কেটিং রাশেদ আহসান, ডিপুটি এডিটর (মিউজিক) আলীফ আলাউদ্দীন, সিনিয়র প্রযোজক শামীম আহমদ, মোহাম্মদ আনিসুজ্জামান জি এম অপারেশন, নূরে আলম মিলন সিনিয়র ম্যানেজার প্রোগ্রাম, মজিবুর রহমান ম্যানেজার এডমিন এবং পলাশ রাশেদ ম্যানেজার অপারেশন।

সংবাদ সম্মেলনে সৈয়দ ইসতিয়াক রেজা বলেন, ‘এই ধারণাটি বাংলাদেশে একদমই নতুন। সারা দুনিয়াতেই এখন বিভিন্ন মিডিয়া একত্রিত হয়ে নানা অনুষ্ঠান করছে। এই অনুষ্ঠানটি সেদিক থেকে আমাদের মিডিয়ায় নতুন মাত্র যোগ করবে।’

দর্শক এবং শিল্পীদের অংশগ্রহণে এটি একটি ইন্টারএকটিভ লাইভ অনুষ্ঠান। নিউ মিডিয়ার সব মাধ্যমে দর্শকরা অংশগ্রহণ করতে পারেন। ফেইসবুক, টুইটার, স্কাইপ, এসএমএস, টেলিফোনে দর্শকরা সরাসরি নিজের মত এবং শিল্পীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিতে পারেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আলিফ আলাউদ্দীন ও ফারশিদ।

অনুষ্ঠানটি প্রতি শুক্র ও শনিবার বিকাল ৫ টা ৩০ মিনিটে একযোগে একাত্তর টিভি এবং ঢাকা এফ এম ৯০.৪ এ সরাসরি সম্প্রচারিত হবে।