২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সহিংসতা: ৩ জেলায় ১২ মামলা

চলতি সপ্তাহে দেশব্যাপী টানা হরতাল চলাকালে সহিংসতা, পুলিশের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় তিন জেলায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ১২টি মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

মঙ্গলবার রাত ও বুধবার পুলিশ ও ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে করা এসব মামলায় বিএনপি-জামায়াতের প্রায় দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। তবে মামলায় আসামিদের অধিকাংশের নামই অজ্ঞাত রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওইসব জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

চাঁদপুর: শহরে বিএনপির মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনায় দলটির দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সদর মডেল থানার এসআই জহির আহমেদ বাদী হয়ে বিস্ফোরক আইনে এই মামলা দায়ের করেন।

সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির ৩৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় হাজার জনকে মামলায় আসামি করা হয়েছে।

ওসি আরো বলেন, গত মঙ্গলবার দেশব্যাপী বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে এর আগের দিন সোমবার সন্ধ্যায় জেলা বিএনপি শহরে মিছিলে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। ওই সময় পুলিশ বিএনপি চার নেতাকর্মীকে আটক করে।

গাজীপুর: হরতালে সহিংসতা, ভাংচুরের ঘটনায় গাজীপুরে জামায়াত-বিএনপির আটশ’ নেতাকর্মীর বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে জয়দেবপুর থানায় ৪টি, টঙ্গী থানার ২টি ও কালীগঞ্জ থানায় ১টি মামলা হয় বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।

জয়দেবপুর থানার পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনায় এসআই মো. হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। এতে ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়।

শিববাড়ি এলাকায় এসআই আনোয়ার হোসেনের উপর হামলার অভিযোগে ওই রাতেই এএসআই মুক্তি মাহমুদ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।

এছাড়া বাসে আগুন ও ভাংচুরের অভিযোগে এএসআই আব্দুল হামিদ বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩৫-৪০ জনের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে মঙ্গলবার সদরের নলজানী এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ভাংচুর ও ফায়ারম্যান আহত হওয়ার ঘটনায় গাজীপর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ বাদি হয়ে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, টঙ্গীতে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার রাতে এসআই মুজিবুর রহমান বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।

এছাড়া গত রোববার জামায়াতের প্রথমদিনের হরতালের টঙ্গীতে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জামায়াতের ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামি করে মামলা করেন  এসআই আজিজ।

কালীগঞ্জ থানার এসআই সাইদুর রহমান বলেন, সোমবার গভীর রাতে লেগুনায় আগুন দেয়ার ঘটনায় চালক আরমান হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মঙ্গলবার বিএনপির হরতালে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় রাতেই সদর মডেল থানায় একটি মামলা করেছে পুলিশ।

সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, জনস্বার্থ বিঘিœত করার অভিযোগে থানার এসআই সালাউদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

সদর মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় পুলিশ বাদী হয়ে একটি ও স্থানীয় দুই ব্যবসায়ী বাদী হয়ে অপর দুইটি মামলা করেন।

বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তিনটি মামলার প্রত্যেকটিতে জামায়াত-শিবিরের ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের উপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের অভিযোগে ওই মামলাগুলো করা হয় বলেও জানান ওসি।