‘এক্স-ম্যান’-এ ফিরছেন হ্যালি
সম্প্রতি হলিউডি অভিনেত্রী হ্যালি বেরি জানিয়েছেন, মার্ভেলের ‘এক্স-ম্যান’ সিরিজের পরবর্তী সিনেমা ‘এক্স ম্যান: ডেইজ অফ ফিউচার পাস্ট’-এ আবারও স্টর্মের ভূমিকায় অভিনয় করবেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
কন্টাক্টমিউজিকের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্রায়ান সিঙ্গার পরিচালিত সিনেমাটিতে আবারও সুপার হিরো বেশে অভিনয়ের জন্য দারুন আগ্রহী অস্কার জয়ী হ্যালি।
সিরিজের ৬ষ্ঠ সিনেমাতে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে একসেস হলিউডকে হ্যালি বলেন, ‘আমি আবার স্টর্মের ভূমিকায় অভিনয় করবো। চরিত্রটি আমার খুবই প্রিয়। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি এর জন্য। এ পর্যন্ত আমি যত রকম চরিত্রে অভিনয় করেছি তার মধ্যে প্রিয় একটি চরিত্র স্টর্ম। আর দর্শকরাও তাকে খুব পছন্দ করে।’
