আসছে ‘মুন্নাভাই ৩’
আসছে ‘মুন্নাভাই ৩’। ‘মুন্নাভাই’ সিরিজের এই তৃতীয় সিনেমাটি পরিচালনা করবেন বলিউডি পরিচালক সুভাষ কাপুর। তিনি জানিয়েছেন, ২০১৪তে সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু হবে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সংবাদমাধ্যমটিকে সুভাষ বলেন, ‘বর্তমানে ‘জলি এলএলবি’র কাজ নিয়ে আমি ব্যস্ত সময় কাটাচ্ছি। তাই সিনেমাটি মুক্তি পাবার পরই ‘মুন্নাভাই’-এর চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করবো আমরা। সেকারণেই আমরা আশা করছি আগামী বছরই এর শুটিংয়ের কাজ শুরু করতে পারবো।’
এদিকে, সিরিজের তৃতীয় সিনেমাটির নাম হবে ‘মুন্না ভাই চালে দিল্লি’-এমন গুজব শোনা গেছে বেশ কিছুদিন ধরেই। এ বিষয়ে সুভাষ বলেন, ‘আমি ঠিক জানি না কোথা থেকে মুন্না ভাই চালে দিল্লি নামটি এসেছে। এখন পর্যন্ত কোনো কিছুই নির্ধারিত হয় নি। রাজু হিরানীর পিকে সিনেমার কাজ শেষে আমরা তার সঙ্গে এ বিষয়ে কথা বলবো।’
১৫ মার্চ মুক্তির প্রতীক্ষায় রয়েছে কাপুর পরিচালিত ‘জলি এলএলবি’ সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি, বোমান ইরানী এবং অমৃতা রাও।
