আটকে গেলো ‘দি ডিরেক্টর’
কবি ও নির্মাতা কামরুজ্জামান কামুর বহুল আলোচিত চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’কে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ সেন্সর বোর্ড। নির্মাতা পক্ষ থেকে জাননো হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে ১১ ফেব্রুয়ারি ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা দেন পরিচালক ও প্রযোজক কামু। ২৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ড সিনেমাটি পরীক্ষা করে দেখে এবং লিখিত চিঠির মাধ্যমে পরিচালককে জানানো হয় সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয়।
সেন্সর বোর্ডের চিঠিতে বলা হয়, পরীক্ষান্তে দেখা যায় যে, চলচ্চিত্রটিতে মূল কাহিনী অপর্যাপ্ত, এতে অশ্লীল সংলাপের ব্যবহার রয়েছে, একটি সাংস্কৃতিক পেশার গোষ্ঠিকে হেয়ভাবে উপস্থাপন করা হয়েছে, চলচ্চিত্র শিল্পের প্রতি সাধারণ মানুষের ঘৃণা জন্মায় এমনভাবে কাহিনীর চিত্রায়ন করা হয়েছে, আগ্নোয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার আছে এতে, নির্বিকারে মানুষ হত্যা, আইনহীনতা ও লাম্পট্যপূর্ণ জীবন যাপনকে স্বাভাবিক ঘটনা হিসেবে উপস্থাপন হয়েছে।
এ বিষয়ে নির্মাতা কামরুজ্জামান কামু গ্লিটজকে বলেন ‘আমি চিঠি পেয়ে অবাক হয়েছি। চিঠিতে আমার ছবির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তা আসলে এখানে নেই। এটা সত্যিই হতাশাজনক একটা বিষয় আমাদের নতুন সময়ের সিনেমার জন্য। আমি সেন্সর বোর্ডের চিঠির প্রেক্ষিতে আপিল করার সিদ্বান্ত নিয়েছি। খুব শিগগিরই আপিল করবো।’
‘দি ডিরেক্টর’ সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ , কামরুজ্জামান কামু প্রমুখ।
