৪০ বছর পর জিমির অ্যালবাম
প্রয়াত গিটারিস্ট জিমি হেনড্রিক্সের নতুন একটি অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে তার মৃত্যুর ৪০ বছর পর, এই অ্যালবামে থাকছে ১২টি গান, যেগুলো আগে কখনও প্রকাশিত হয়নি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘সিবিএস’ জানিয়েছে, ‘পিপল, হেল অ্যান্ড এ্যাঞ্জেলস’ নামের ওই অ্যালবামটিতে ১৯৬৮ সাল থেকে ৭০ সাল পর্যন্ত রেকর্ড করা ১২ টি গান থাকছে যেগুলো জিমির ১৯৬৮ সালের অ্যালবাম ‘ইলেকট্রিক লেডিল্যান্ড’ প্রকাশিত হবার পরপরই মুক্তি পাবার কথা ছিল; কিন্তু শেষ পর্যন্ত আর তা হয়নি।
‘জিমি হেনড্রিক্স ডট কম’এর বিবৃতি অনুযায়ী, অ্যালবামটিতে থাকছে ভিন্ন ধরনের বেশ কিছু গান যেগুলোতে ব্যবহার করা হয়েছে কিবোর্ড, হর্ন, পারকিউশন এবং সেকেন্ড গিটার।
