কমেডিতে আগ্রহী মাধুরী
বলিউডি অভিনেত্রী এবং নৃত্য শিল্পী মাধুরী দীক্ষিত সম্প্রতি কমেডি সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
আসন্ন দু’টি সিনেমা ‘গুলাব গ্যাং’ এবং ‘দেড় ইশকিয়া’ তে গুরুগম্ভীর চরিত্রে অভিনয় করেছেন মাধুরী। তবে পরবর্তীতে কিছুটা মজাদার চরিত্রে অভিনয় করতে চান তিনি। এ বিষয়ে সংবাদ মাধ্যমটিকে মাধুরী বলেন, ‘আমি সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। কমেডি সিনেমাতেও তাই অভিনয় করতে চাই আমি। তবে অবশ্যই তার জন্য গল্পটি পছন্দ হতে হবে আমার।’
মাধুরী আরও বলেন, বর্তমানে ওই দু’টি সিনেমার কাজ ছাড়াও তিনি ব্যস্ত আছেন টিভি রিয়ালিটি শো ‘ঝালাক দিখলা যা’ -এর কাজ নিয়ে।
অনুভব সিং প্রযোজিত এবং সৌমিক শুক্লা পরিচালিত ‘গুলাব গ্যাং’ সিনেমায় মাধুরীর পাশাপাশি আরও অভিনয় করছেন জুহি চাওলা, মাহি গিল এবং শিল্পা শুক্লা। অন্যদিকে ২০১০ সালের ‘ইশকিয়া’ সিনেমার সিকুয়াল ‘দেড় ইশকিয়া’য় তার বিপরীতে থাকবেন বলিউডের সিনিয়র অভিনেতা নাসিরুদ্দীন শাহ এবং আরশাদ ওয়ার্সি।
