‘প্রজাপতির ডানা’য় রওনক-তানিয়া
বৃহস্পতিবার রাতে প্রচার হবে গাজী টিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত বিশেষ নাটক ‘প্রজাপতির ডানা’। নাটকটি নির্মাণ করেছেন কমল চাকমা। অনন্ত জাহিদের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন রওনক হাসান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন -তানিয়া হোসাইন, রওনক হাসান, পিয়াল, আশরাফ-উল-ইসলাম পিপিএম, আনজুমানারা বকুল প্রমুখ।
মফস্বল শহরের সুন্দরী স্মার্ট মেয়ে বিনিতা। বাবা মফস্বল শহরেরই একজন স্বনামখ্যাত পুলিশ অফিসার, মা গৃহিনী। একমাত্র মেয়ে বিনিতা। একসময় মোবাইলের এসএমএস এর মাধ্যমে ওই শহরেরই এক যুবকেরে সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে বিনিতা। তারপর বন্ধুত্ব থেকে ভালবাসা জন্মে দু’জনের মধ্যে। কিন্তু কোন দিন ভুল করেও দুজনের সরাসরি দেখা কিংবা ফোনে কথা বলাও হয়নি। ছেলেটির নাম মনা, মনা ঐ শহরেরই অপরাধ জগতের সঙ্গে জড়িত। নাটকের ঘটনার শুরু এখান থেকেই। একটি ঘটনায় মনা গুলিবিদ্ধ হয়ে পড়ে যাবার সাথে সাথে দেখা যায় আরেক যুবক পিস্তল হাতে মনার মৃতদেহের পাশে এসে দাড়ায়। যুবকটির নাম রুশো। মনা মারা গেছে নিশ্চিত হয়ে রুশো চলে যেতে থাকে সেই মুহূর্তে মনার প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন বেজে ওঠে। পেছনে ফিরে এসে মনার ফোনটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে রুশো। এখন বিনিতা কি করবে ? এমনই নানান প্রশ্ন নিয়ে প্রজাপতির ডানা নাটকটির ঘটনা গড়ে উঠেছে।
পরিচালক কমল গ্লিটজকে বলেন, ‘সামাজিক দৃষ্টিকোণ থেকে নেতিবাচক কাজ করা মানুষগুলো কখনো কখনো ভালো হওয়ার চেষ্টা করে। কিন্তু নানা কারণে আর তা হয়ে ওঠেনা। তেমন পরিণতি দেখি মনার জীবনেও। কিন্তু বিনিতার কি হবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পরিকল্পনা করছি একটা সিকুয়াল নির্মাণেরও।’
নাটকটি বৃহস্পতিবার রাত ৯টায় গাজী টিভিতে প্রচার হবে।
