প্রেমিক কুনালের সঙ্গে থাকবেন সোহা
বলিউডি অভিনেত্রী সোহা আলি খান মনে করেন, তিনি দেখতে তার মা শর্মিলা ঠাকুরের মতো হলেও তার স্বভাব বাবার মতো। প্রেমিক কুনালের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কথা বলেন সোহা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
সোহা তার আসন্ন ‘সাহেব বিবি আউর গ্যাংস্টার’ সিনেমার প্রচারণায় সংবাদমাধ্যমটির সঙ্গে এক আলাপে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলেন।
পাতৌদি রাজ পরিবারের সর্বকনিষ্ট সোহা। তবে ভারতের বিখ্যাত একটি পরিবারের সদস্য হয়েও তিনি নিজের কৃতিত্বেই পরিচিত হতে চান বলে জানান। অক্সফোর্ড এবং লন্ডন স্কুল অফ ইকোনোমিকস থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে এরই মধ্যে নিজেকে পরিবারের মূল্যবান সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সোহা। পরিবারে তাকে সবাই কিভাবে দেখে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘মা-বাবার সবচাইতে আদরের ছিলাম আমি। আমার বাবা কখনওই আমাদের সঙ্গে চড়া গলায় কথা বলতেন না। তবে আমার বাঙালি মা কিছুটা গরম মেজাজের। ভাই (সাইফ আলি খান) সবচেয়ে দুষ্টু ছিলেন। মা তাকে খুব বকতেন। আমি এবং আমার বোন খুব শান্ত ছিলাম। আমি বাবার মতো ধৈর্য্যশীল এবং বাস্তববাদী। তবে বাবা খুব চাপা স্বভাবের ছিলেন, আমি তেমন নই।’
সাইফ আলি খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে সোহা বলেন, ‘সে নিজের মতই। তার স্বভাব দারুণ আকর্ষনীয়। আমরা একসঙ্গে বড় হইনি। তবে এখন একই শহরে থাকছি। মাঝে মধ্যে সে আমাকে তার সঙ্গে সময় কাটাতে বলে। আসলে একজন বড় ভাই থাকাটা সত্যিই অসাধারণ। আর সবচেয়ে বড় বিষয় যেটা জানাতে চাই তা হোলো, সে খুব ভালো রান্না করতে পারে। সে প্রায়ই বিভিন্ন বিষয়ে আমার মতামত জানতে চায়। মা এবং ভাইয়ের স্বভাব এক রকম। অধৈর্য্য, একগুঁয়ে এবং উদ্ধত। আমার মা এবং ভাই দু’জনে দু’জনার সঙ্গে আমার মাধ্যমে যোগাযোগ করেন। তবে সত্যি কথা বলতে কি, আমি যদি তাদের মধ্যে কথা বলতে চাই তাহলে দু’জনেই আমার ওপর ক্ষেপে ওঠেন।
প্রেমিক কুনাল কেমুর কোন বিষয়টি তাকে আকর্ষণ করে জানতে চাইলে সোহা বলেন, ‘আমাদের দু’জনের মধ্যে কোনো মিল নেই। তবে একদিন কথা বলার সময় সে নিজের জীবন নিয়ে কথা বলছিলো। আর আমি দেখতে পেলাম সে আমার থেকে সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করে। সে অত্যন্ত নির্ভরযোগ্য, সুদর্শন, বিশ্বাসযোগ্য, বুদ্ধিমান এবং সবচেয়ে বড় বিষয় আমি তাকে সম্মান করি। তবে তার ভিন্নধর্মী স্টাইল এবং তার চোখ আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে।’
সোহার পরিবারের তুলনায় কুনালের পরিবার সম্পূর্ণ ভিন্ন। বিষয়টি তার পরিবারের সকলে কিভাবে নিয়েছে এমন প্রশ্নের জবাবে সোহা বলেন, ‘আমার বাবা, মায়ের মাধ্যমে কুনাল সম্পর্কে জানতে চেয়েছিলেন। আর মেয়ে ভুল পথে যেতে পারে ভেবে, মায়েরা বরাবরই দুশ্চিন্তায় থাকেন। তবে আমি জানতাম একবার কুনালের সঙ্গে পরিচয় হলে মা তাকে পছন্দ করবেন। প্রথম দিকে মা কুনালকে অতটা পছন্দ না করলেও এখন তাকে খুবই পছন্দ করেন।’
কুনালের সঙ্গে ভবিষ্যৎ চিন্তা সম্পর্কে সোহা বলেন, ‘কুনাল চার সপ্তাহ পর থাইল্যান্ড থেকে ফিরবে। আর সে ফিরলেই আমরা একসঙ্গে থাকবো। আমরা খারে একটি জায়গা কিনেছি। সেখানেই আমাদের বাড়ি বানাবো বলে ভাবছি। আমরা নিজেদের বর্তমান বাড়িগুলো ভাড়া দিয়ে নতুন বাড়িতেই উঠবো। আমি মাকে এ বিষয়ে জানিয়েছি আর তিনি রাজি হয়েছেন। তবে এখনও বাইরের কেউ তেমন নিশ্চিতভাবে বিষয়টি জানে না।
