এক নাটকে চার তারকা
আবুল হায়াত-ডলি জহুর-জাহিদ হাসান-সারিকা দীর্ঘদিন পর একটি খন্ড নাটকে একসঙ্গে অভিনয় করছেন। রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াৎ হোসেন মানিকের পরিচালনায় নাটকটির নাম ‘কেন মিছে নক্ষত্রেরা’।
নাটকের গল্প গড়ে উঠেছে একটি পরিবারকে কেন্দ্র করে। যাতে দেখা যায়- হাসান গ্রাম থেকে এমএসসি পাশ করে ঢাকায় চাকরি খোঁজার জন্য দূর সম্পর্কের চাচা লতিফ সাহেবের বাড়িতে ওঠে।
এ নাটকে বাবা লতিফ সাহেব চরিত্রে আবুল হায়াত, মা আফরোজার চরিত্রে ডলি জহুর, তাদের বড় মেয়ের ভূমিকায় সারিকা ও গ্রাম থেকে শহরে আসা তরুণ হাসান চরিত্রে জাহিদ হাসান অভিনয় করবেন।
এ বিষয়ে নাটকটিতে বাবার ভূমিকায় থাকা আবুল হায়াত গ্লিটজকে বলেন, ‘একটি পরিবারের সুখ-দুঃখের গল্পের মধ্যে নাটকটির সমাপ্তি ঘটবে। এর আগে অনেক পারিবারিক গল্পে আমি অভিনয় করেছি। তবে এবারের গল্পটি কিছুটা হলেও ভিন্ন। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
এ বিষয়ে জাহিদ হাসান গ্লিটজকে বলেন, ‘একটি পরিবারকে ঘিরে নাটকটির গল্প এগিয়ে যায়। এখানে আমি গ্রাম থেকে ঢাকায় আসি এবং ক্রমাগত বিভিন্ন ঘটনার মাধ্যমে পরিবারটির সঙ্গে জড়িয়ে পড়ি। নাটকটির গল্প আমার ভালো লেগেছে। মানিক নবীন নির্দেশক হলেও তার কাজে মুন্সীয়ানার পরিচয় আমি ইতোমধ্যেই পেয়েছি। আর এখানে আমার বিপরীতে আছেন সারিকা।’
পরিচালক সাখাওয়াৎ হোসেন মানিক জানিয়েছেন,‘২১ ও ২২ ফেব্রুয়ারি নাটকটির শুটিং হবে উত্তরার বিভিন্ন লোকেশনে। আমি গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে নতুন ধারার টেলিভিশন নাটক নির্মাণ করার চেষ্টা করছি। আশা করি আমার অন্যান্য নাটকের মতো এই নাটকটিও দর্শক গ্রহণ করবেন।
