শাহবাগ নিয়ে ‘আবার ৭১’
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান গণবিক্ষোভ নিয়ে নির্মাণ করা হচ্ছে তথ্যচিত্র ‘আবার ৭১’। যৌথভাবে এটি নির্মাণ করছেন রফিক মুয়াজ্জিন ও হেমন্ত সাদীক। যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ৭১ এ মানবতাবিরোধী কর্মকান্ড, পরবর্তীতে তাদের বিচারের দাবিতে সারাদেশে ঘাতক-দালাল নির্মূল কমিটির আন্দোলন এবং সর্বশেষ গণবিক্ষোভ নিয়ে এ তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে।
নির্মাতা রফিক মুয়াজ্জিন গ্লিটজকে বলেন, ‘বাংলাদেশ ভৌগোলিকভাবে স্বাধীন হলেও দেশবিরোধীদের চক্রান্ত থেমে নেই। এখনো দেশটিকে পেছনে টানছে ওইসব যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসূরীরা। দেশবিরোধীদের এসব অপকর্ম ঠেকাতে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ জেগে উঠেছে তরুণ সমাজ। তাদের সমর্থন ও সহযোগিতা করছে পুরো দেশের মানুষ। যেন আরেকটি একাত্তর ফিরে এসেছে। এতে সারা দেশের বিক্ষোভ চিত্রসহ থাকবে বিশেষজ্ঞদের অভিমত।’
উঠোন কথাচিত্র ও রোদ্দুর চলচ্চিত্রের ব্যানারে নির্মিতব্য ওই তথ্যচিত্র তৈরিতে কারিগরি সহযোগিতা করছে মনন চলচ্চিত্র। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এর উদ্বোধনী প্রদর্শনী হবে বলে নির্মাতারা জানিয়েছেন।
