‘মনেরই আকাশে’
ভালোবাসা দিবস উপলক্ষে দ্বৈত কণ্ঠের গানের অ্যালবাম ‘মনেরই আকাশে’ প্রকাশ করছে সিডি চয়েজ।
এতো কাছে, কাছে এলে, মনেরই আকাশে, মনেতে আকাশ ইত্যাদি শিরোনামে অ্যালবামে গান রয়েছে ১০টি যার প্রত্যেকটি দ্বৈত কণ্ঠের গান। কাজী শুভর সঙ্গীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পরিচালক নিজে, চম্পা বণিক, আইয়ুব শাহরিয়ার, শহীদ, জয়ী, বেলাল খান, পূজা, খেয়া, সাবা, আনিকা, নির্ঝর, ইলিয়াস, রাশেদ।
অ্যালবামের জন্য গান লিখেছেন, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, এসআই শহীদ, শেখ সুমন ইমদাদসহ আরো কয়েকজন। সুরকার হিসেবে কাজ করেছেন রাফি ও অয়ন।
সিডি চয়েজের ইমদাদ হক গ্লিটজকে জানিয়েছেন, ‘এই অ্যালবামে মোট একুশজন শিল্পী কাজ করেছেন একসঙ্গে। প্রত্যেকটি গানই দ্বৈত কণ্ঠের।’
অ্যালবামটি নিয়ে জয়ী গ্লিটজকে বলেন, ‘আমরা সারা বছরই প্রেমের গান করি, তারপরও নিজের ভালোলাগা থেকেই ভালোবাসা দিবসের জন্য গান করলাম।’
