২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমেডি সিনেমা চান রণদীপ

টিনসেলে রসিকতার জন্য পরিচিতি পেলেও এখন পর্যন্ত পর্দায় সে প্রতিভা প্রকাশের সুযোগ হয়ে ওঠেনি বলিউডি অভিনেতা রণদীপ হুড়ার। তবে এবার চলচ্চিত্রের পর্দায়ও কমেডি চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 07:20 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ এবং ‘সাহেব বিবি অর গ্যাংস্টার’ সিনেমাগুলিতে রণদীপ নিজেকে গম্ভীর চরিত্রের অভিনেতা হিসেবে তুলে ধরেন। এ বিষয়ে তিনি বলেন, ‘অনেকেই বলেন যে আমার রসবোধ অনেক তীব্র। তবে রূপালি পর্দায় এখনও তার প্রমাণ পায়নি কেউ। আর তাই খুব শিগগিরি কমেডি সিনেমায় অভিনয় করতে চাই আমি।’

২০০১ সালে ‘মনসুন ওয়েডিং’ সিনেমার মধ্য দিয়ে টিনসেলে যাত্রা শুরু করেন রণদীপ। এরপর ২০১০ সালের মিলান লুথরিয়ার সুপার হিট সিনেমা ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ এর মধ্য দিয়ে বলিউডে পাকাপোক্ত স্থান করে নেন তিনি। গত বছরও তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি পায়।

১৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে রণদীপ অভিনীত সিনেমা ‘মার্ডার ৩’। নবাগত বিশেষ ভাট পরিচালিত সিনেমাটিতে আরও থাকছেন অদিতি রাও হায়দারী এবং পাকিস্তানি অভিনেত্রী সারা লরেন।