২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর জন্য স্বাধীনতার গান

স্বাধীনতার ৪২ বছর পূর্তি উপলক্ষ্যে দেশ টিভির উদ্যোগে ‘কনসার্ট ফর ভিক্টোরি’ শিরোনামে দেশের বেশ কয়েকটি সেনানিবাসে আয়োজন করা হয়েছে সিরিজ কনসার্ট। তারই অংশ হিসেবে ৩১ জানুয়ারি যশোরে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। তাতে সংগীত পরিবেশন করবেন মমতাজ, ফিডব্যাক এবং দলছুট ব্যান্ডের সদস্যরা।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 12:40 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে টাঙ্গাইল, রংপুর, সাভার, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া এবং ঢাকায় স্বাধীনতার মাস মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট। অভিনেত্রী নওশিন নাহরিন মৌয়ের উপস্থাপনায় এবং আলমগীর হোসেনের প্রযোজনায় ‘কনসার্ট ফর ভিক্টোরি’ যশোর থেকে দেশ টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে ৩১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।

এ বিষয়ে অনুষ্ঠান প্রযোজক আলমগীর গ্লিটজকে বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই উদ্যোগ দেশ টিভির। এর আগে আমরা বিভিন্ন জায়গায় নানা ধরনের অনুষ্ঠান করেছি, কিন্তু সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারের আনন্দের জন্য আলাদা কিছু ভাবিনি। তাই মূলত ক্যান্টনমেন্ট ভিত্তিক অনুষ্ঠান হচ্ছে এটি। ক্যান্টনমেন্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটিতে অবশ্য সাধারণ জনগণের উপস্থিতিও থাকবে আমন্ত্রিত অতিথি হিসেবে। আর সাধারণ দর্শকরা আমাদের চ্যানেলে সরাসরি দেখতে পাবেন অনুষ্ঠানটি।’

শিল্পী ও গানের দলগুলোর অংশগ্রহণ নিয়ে আলমগীর আরো বলেন, ‘যশোর থেকে অনুষ্ঠানের শুরু হচ্ছে, এদিন গান গাইবেন মমতাজ, ফিডব্যাক, দলছুট। অন্যান্য অনুষ্ঠানে গান গাওয়ার সম্ভাবনা আছে, জেমস ও নগর বাউল, সোলস, ডিফারেন্ট টাচ, লালন ও হায়দার হোসেনের। এ সিরিজের শেষ কনসার্ট হবে ২৮ মার্চ ঢাকায়।’