নারীর মদ্যপানের বিরুদ্ধে লড়াইয়ে আমির
বলিউডি অভিনেতা আমির খান, যিনি ভারতের বিভিন্ন সামাজিক সমস্যার কথা তুলে ধরেছেন তার টিভি অনুষ্ঠান সত্যমেভ জয়তুর মাধ্যমে, এবার স্বাগত জানালেন নারীদের মদ্যপানের বিরুদ্ধে লড়াইকে। সম্প্রতি, ‘অ্যালকোহলিকস অ্যানোনিমাস’ নামের একটি বেসরকারি ভারতীয় সংস্থার এক অনুষ্ঠানে এ ব্যাপারে নিজের অবস্থানের কথা জানান তিনি। খবর ইন্দো এশিয়ান নিউজ-এর।
অনুষ্ঠানটিতে আমির বলেন, ভারতের সামাজিক পরিস্থতির কারণে অনেক নারী তাদের মদ্যপানে আসক্তির কথা প্রকাশ্যে বলতেই সংকোচ বোধ করেন; সেটি নিবারণে কোনো সাহায্য নেওয়া তো দূরের কথা। তিনি বলেন, ‘ভারতে এই সমস্যা আরো জটিল। মদ্যপানের সঙ্গে এমনসব ধারণা আমাদের সমাজে রয়েছে যে, নারীরা তাদের এই আসক্তির কথা প্রকাশ্যে বলতেও ভয় পান। এটি তাদের জন্য খুবই কঠিন।’
আর তাই মদ্যপানের আসক্তি থেকে মুক্তির জন্য নারীদের সংকোচহীন ভাবেই এগিয়ে আসতে হবে- এই আহ্বান জানান আমির। অনুষ্ঠানটিতে উপস্থিত নারী সাংবাদিকদের উদ্দেশ্যে এ ব্যাপারে তিনি বলেন, ‘যেহেতু আপনারা এখানে এসেছেন তাই বলছি, মিডিয়াতে এই আহ্বানটি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনারা এই লড়াইয়ে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন। এটি একটি রোগ এবং এটির শিকার হওয়া একজন নারী যদি আপনি হন, তাহলে আপনাকে এগিয়ে আসতেই হবে; কারণ তাহলেই এব্যাপারে আপনি সাহায্য পেতে পারেন।’
