ফল খেয়ে অসুস্থ কুচার
স্টিভ জবসের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত ‘জবস’ সিনেমায় স্টিভ জবসের ভূমিকায় অভিনয় করেছেন হলিউডি অভিনেতা অ্যাস্টন কুচার। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে গিয়ে অগ্নাশয়ের সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছিলেন কুচার। খবর মিড ডের।
‘টু অ্যান্ড আ হাফ ম্যান’ খ্যাত ওই তারকাকে জবসের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে বেশ কিছুদিন ফলমূল খেয়ে ডায়েট কন্ট্রোল করতে হয়েছে। আর সে কারণেই অসুস্থ হয়ে পড়ায় শুটিং শুরুর দু’দিন আগে হাসপাতালে ভর্তি হতে হয় কুচারকে।
এ বিষয়ে কুচার বলেন, ‘ফলমূল খাবার কারণে আমাকে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যাথায় অনেক কষ্ট পাচ্ছিলাম আমি। আর তাই শুটিংয়ের দু’দিন আগে হাসপাতালে ভর্তি হতে হয়।’
অগ্নাশয় ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১১ সালের অক্টোবরে ৫৬ বছর বয়সে মারা যান স্টিভ জবস। তার জীবনীর ভিত্তিতে নির্মিত সিনেমাটিতে চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য কুচারকে জবস সম্পর্কে অনেক গবেষণা করতে হয়েছে।
১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি।
