সন্তানের প্রথম ছবি বিক্রি করবেন না কিম
প্রথম সন্তান জন্মের পর তার ছবিটি প্রথমে টুইটারে পোস্ট করার পরিকল্পনা করছেন টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান। খবর ব্যাং শোবিজ-এর।
‘কোর্টনি অ্যান্ড কিম টেক মায়ামি’ খ্যাত ৩২ বছর বয়সি কিম জুলাইয়ের শুরুতেই তার এবং র্যাপার কেনি ওয়েস্টের প্রথম সন্তানের জন্ম দেবেন। সন্তানের ছবি কারো কাছে বিক্রি না করে বরং সোশাল নেটওয়ার্কিং সাইটের মধ্য দিয়েই ভক্তদের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন ওই জুটি।
কিমের পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র নিউ ইয়র্ক ডেইলিকে জানায়, ‘বাচ্চার ছবি বিক্রি করার পক্ষপাতি নন কিম। তিনি এমন কিছু কখনোই করবেন না।’
তবে কিমের মা ক্রিস জেনার চাইছেন শিশুটির ছবি বিক্রি করে অর্থ উপার্জন করতে। মাধ্যমটি জানায়, ‘ক্রিস চাইছেন অর্থের বিনিময়ে ছবি বিক্রি করতে। তবে কেনি তা হতে দেবেন না। তিনি কিমকে অনেকটাই বদলে দিয়েছেন।’
কিম এর আগেই তার শিশুকে মিডিয়ার কাছ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর নিজের ব্যক্তিগত জীবনকে আড়াল করতে কোনো রিয়ালিটি টিভি শোতেও অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর তাই কিম এবং কেনি তাদের ভক্তদের সঙ্গে নিজের শিশুর পরিচয় করিয়ে দিতে টুইটারকেই বেছে নিয়েছেন।
