‘লাইফ অফ পাই’: আয় ছাড়ালো ৫০ কোটি ডলার
বিশ্বজুড়ে ‘লাইফ অফ পাই’ এর আয় এবার ছাড়িয়ে গেল ৫০ কোটি ডলার। অ্যাং লি পরিচালিত একটি ভারতীয় ছেলে এবং রয়াল বেঙ্গল টাইগারকে নিয়ে নির্মিত ওই সিনেমা এবারের অস্কারে পেয়েছে ১১টি বিভাগের মনোনয়ন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
থ্রিডি প্রযুক্তিতে নির্মিত ‘লাইফ অফ পাই’ একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং এর বাইরের দেশগুলোতে ব্যাবসা করছে ভালোভাবেই। সে সূত্রে কেবল আমেরিকা থেকেই এটির প্রযোজনা সংস্থা ‘দ্যা ফক্স ফিল্ম’ আয় করেছে ১০ কোটি ৪ লাখ ডলার; ওদিকে আন্তর্জাতিক বক্স অফিসের হিসাব অনুযায়ী এর মোট আয় এখন ৪০ কোটিরও ওপরে। হলিউড রিপোর্টার এর তথ্য অনুযায়ী, সবমিলিয়ে ৫০ কোটির বেশি আয় করা সিনেমাটি এখন এগিয়ে চলছে ১০০ কোটি ডলার আয়ের দিকে।
ইয়ান মার্টেল-এল উপন্যাসের কাহিনী থেকে নির্মিত ওই সিনেমার সুবাদে এবারের অস্কারে ‘সেরা পরিচালক’ বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যাং লি। অনেকেই মনে করছেন ‘লিঙ্কন’ পরিচালক স্পিলবার্গকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হবে ‘ব্রোকব্যাক মাউন্টেন’ খ্যাত এই পরিচালক-এর জন্য।
