ওবামার অনুষ্ঠানই সেরা!
সম্প্রতি অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ‘ইনওগারেশন বলে’ উপস্থিত হলিউডি তারকারা অনুষ্ঠানটির ভূয়ষী প্রশংসা করেছেন। অনুষ্ঠানে ছিলেন কেটি পেরি, কেলি ক্লার্কসন, উইল আই অ্যামের মতো তারকারা। খবর ব্যাং শোবিজ-এর।
জানুয়ারির ২১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের নাচের আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়িকা কেটি পেরি এবং তার প্রেমিক জন মেয়ার, স্বামী সুইটজ বিটজসহ গায়িকা অ্যালিসিয়া কিজ, অভিনেত্রী ইভা লোঙ্গরিয়া, অ্যাশলি জুড, কেলি ক্লার্কসন, উইল আই অ্যামের মতো অনেক তারকা।
অনুষ্ঠান শেষে টুইটারে কেটি পেরি জানান, ‘একটু আগে হোয়াইট হাউজ থেকে ফিরলাম। এরপর থেকে যে কোনো পার্টিকেই এটার সঙ্গে তুলনা করতে আমি বাধ্য হবো যদি না সেটা হোয়াইট হাউজে করা হয়।’
গায়িকা কেলি ক্লার্কসন বলেন, ‘এইমাত্র হোয়াইট হাউজের পার্টি থেকে ফিরলাম। মিশেল ওবামা উঠে দাঁড়ালেন এবং পার্টি শুরু করলেন। আসলেই তিনি একজন চমৎকার ফার্স্ট লেডি!’
এদিকে অনুষ্ঠানে পারফর্ম করার ঠিক কিছুক্ষণ আগে গায়িকা জেনিফার হাডসন টুইট করেছিলেন, ‘এখন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি অ্যাল গ্রিনের লেটস স্টে টুগেদার গানটির সঙ্গে নাচবেন, এবং গানটি গাইবো......আমি!! চমৎকার একটি সন্ধ্যা!!’
