আবারও মা হবেন জোলি!
হলিউডের তারকা জুটি ‘ব্র্যাঞ্জেলিনা’ তাদের পরিবারে আবারও নতুন অতিথিকে স্বাগত জানাতে যাচ্ছেন; জানা গেছে আবারও গর্ভবতী হয়েছেন ব্র্যাডের বাগদত্তা অ্যাঞ্জেলিনা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘এইসশোবিজ’ জানিয়েছে, ৩৭ বছর বয়সি এবং ছয় সন্তানের মা জোলি কয়েকদিন ধরে জনসম্মুখে আসছেন না কারণ তিনি গর্ভধারণজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং খবরটি যতদিন সম্ভব মিডিয়া থেকে গোপন রাখতে চান।
এক সূত্র জানিয়েছে, ‘জোলি গর্ভধারণজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। আর তাই এখন জনসম্মুখে আসতে চাইছেন না। তিনি এখন তার বাচ্চাদের দিকে বেশি নজর দিচ্ছেন যেন তারা নতুন অতিথিকে ভালোভাবে গ্রহণ করতে পারে।’
সূত্রটি আরও জানায়,‘অনেক বছর ধরেই আরেকটি সন্তানের কথা ভাবছিলেন জোলি, তবে নিজেদের কর্মব্যস্ততার কারণে এতদিন রাজি হননি ব্র্যাড।’
এর আগে ২০০৮ সালে জমজ সন্তানের জন্ম দেন জোলি। জমজ সন্তান ছাড়াও তাদের রয়েছে আরও চারজন সন্তান ।
