অভিনয়ে প্রভাব ফেলবে না বিয়ে: বিদ্যা
সম্প্রতি সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউডি অভিনেত্রী বিদ্যা বালান। বিয়ের পর তিনি প্রথম ‘ঘানচক্কর’ সিনেমায় অভিনেতা এমরান হাশমির সঙ্গে জুটি বাঁধবেন। তবে বিদ্যার মতে বিয়ে তার কর্মজীবনে কোনো প্রভাব ফেলবে না। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এর।
বিয়ের পরও পর্দায় ঘনিষ্ট বা চুম্বনের দৃশ্যে অভিনয়ের ব্যপারে বিদ্যার মতামত জানতে চাইলে বিদ্যা বলেন, ‘আমি একজন অভিনেত্রী এবং আমি বিবাহিত। দু’টি ভিন্ন বিষয়। সিদ্ধার্থ এবং আমি, আমরা দু’জনেই নিজেদের কাজকে সম্মান করি।’
রাজকুমার গুপ্তা পরিচালিত ‘ঘানচক্কর’ সিনেমাটি মুক্তি পাবে ২১ জুন। বিদ্যা এ সম্পর্কে বলেন, ‘আমার বিয়ের পর এ সিনেমাটিই প্রথম মুক্তি পেতে যাচ্ছে। তাই এটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এমরান হাশমির সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ ছিলো।’
৩৫ বছর বয়সি বিদ্যা বালানকে এ সিনেমায় একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
