হতবাক জেসিকা!
অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বলেছেন, পরিচালক ক্যাথরিন বিগেলোর অস্কার মনোনয়ন না পাবার কথা শুনে তিনি এতোটাই অবাক হয়েছেন যে, তার মনে হয়েছে তার হৃৎপিন্ডে আঘাত লেগেছে! খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘দ্যা ডেইলি এক্সপ্রেস’ জানিয়েছে, ‘জিরো ডার্ক থার্টি’ খ্যাত পরিচালক ক্যাথরিন বিগেলো এবছর একাডেমি অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের মনোনয়ন পাননি। খবরটি জানতে পেরে সিনেমাটির অভিনেত্রী জেসিকা প্রচন্ড আহত হয়েছেন।
৩৫ বছর বয়সি জেসিকা, যিনি সিনেমাটিতে একজন সিআইএ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন তিনি বলেন, ‘যখন জানতে পারলাম তিনি মনোনয়ন পাননি তখন আমি এতোটাই অবাক হয়েছিলাম যে মনে হচ্ছিলো আমার হৃদয়ে যন্ত্রণা হচ্ছে, কারণ আমার পারফরম্যান্সের বেশিরভাগ অবদানই তার ছিল।’
২০১১ সালে ওসামা বিন লাদেনের মৃত্যুর ঘটনার ভিত্তিতে নির্মিত সিনেমা ‘জিরো ডার্ক থার্টি’র জন্য সেরা অভিনেত্রী হিসেবে ইতোমধ্যেই গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন জেসিকা। ‘জিরো ডার্ক থার্টি’ সিনেমাটি সেরা চলচ্চিত্র হিসেবেও একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে।
