বেনের জয়ে আনন্দিত জেনিফার
বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কের ইতি অনেক আগে টানলেও এখনো পর্যন্ত তার সম্পর্কে ঠিকই খোঁজ খবর রাখেন পপ তারকা জেনিফার লোপেজ। আর তাই এ বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এর সেরা পরিচালকের পুরস্কার জয়ে বেনের জন্য দারুণ খুশি তিনি। খবর ব্যাং শোবিজ-এর।
জেনিফার এখন প্রেম করছেন ২৫ বছর বয়সি ব্যাকআপ ডান্সার ক্যাসপার স্মার্টের সঙ্গে। ৪৩ বছর বয়সি জেনিফার এ ব্যাপারে ‘দি এলেন ডিজেনারাস শো’তে বলেন, ‘বেনকে পুরস্কার পেতে দেখে আমার খুবই ভালো লাগছে। আমি তার জন্য খুবই খুশি।’
জেনিফার জানান তার এবং বেনের সম্পর্কের ঘনিষ্ঠতা এখনও বজায় আছে। এমনকি তার আরেক সাবেক প্রেমিক পি. ডিডির সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘তাদের সঙ্গে আমার প্রায়ই দেখা হয়। আমরা একই ধরনের কাজ করি।’
এদিকে বেন জানান, এখনও তার এবং জেনিফারের মধ্যে যোগাযোগ হয়। তিনি বলেন, ‘আমাদের আগের মতো সম্পর্ক না থাকলেও সে আমার পরামর্শ অনেক মূল্যবান মনে করে। আমাদের মধ্যে ই-মেইল আদান প্রদান হয়। আমি তাকে সম্মান করি ও পছন্দ করি।’
