‘লারা ক্রফট’ এশা!
বলিউডে তার অভিষেকের শুরু থেকেই এশা গুপ্তা শুনে আসছিলেন, তিনি নাকি দেখতে অনেকটাই হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মতো। এবার জোলির সঙ্গে তার চেহারার সাদৃশ্যই তাকে সুযোগ করে দিচ্ছে ‘লারা ক্রফট’-এর হিন্দী ভার্সনে অভিনয়ের। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রযোজনা প্রতিষ্ঠান কিনে নিয়েছে ২০০১ এর সিনেমা ‘লারা ক্রফট: টম্ব রাইডার’-এর স্বত্ত্ব। তাদের পরিকল্পনা সিনেমাটির একটি হিন্দী রিমেক তৈরি করা। আর এক্ষেত্রে মূল চরিত্রে অভিনয়ের জন্য তাদের প্রথম পছন্দ এশাকেই।
বিষয়টি নিয়ে সূত্র জানিয়েছে, ‘এশা দীর্ঘাঙ্গী এবং তার শারীরিক গঠন ক্রীড়াবিদসুলভ। আর এজন্যই তাকে ওই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। অবশ্যই তার চেহারা ওই চরিত্রের জন্য একটি বিরাট সুবিধা; কারণ, সিনেমাটি আগে যারা দেখেছে, তারা ওরকম চেহারার একজনকেই দেখতে চাইবে। এটি অনেক বড় একটি সুযোগ এশার জন্য; কারণ ভারতীয় প্রযোজকদের সঙ্গে ওই সিনেমায় কাজ করবে হলিউডি স্টুডিওগুলোও।’
সূত্রটি আরো জানায় এশার সাম্প্রতিক হিট সিনেমাগুলোর রেকর্ড তাকে এই চরিত্র পেতে সাহায্য করেছে।
এদিকে এশা ব্যস্ত আছেন বিশেষ ফিল্মস-এর ব্যানারে তার অভিনীত সাম্প্রতিক সিনেমাটি নিয়ে। এটির কাজ শেষ হলেই প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে তার তিন সিনেমার চুক্তি সম্পন্ন হবে।
