অস্কার মনোনয়নের শীর্ষে লিঙ্কন
১০ জানুয়ারি প্রকাশিত হলো ৮৫ তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা।
পূর্বঘোষিত সময় অনুযায়ীই অভিনেতা সেথ ম্যাকফার্লেন এবং এমা স্টোন ঘোষণা করেন এই তালিকার। এবারের আয়োজনে প্রধান বিভাগগুলোসহ মোট ১২ টি মনোনয়ন পেয়ে তালিকার শীর্ষে রয়েছে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘লিঙ্কন’। ১১ টি মনোনয়ন পেয়ে পরের অবস্থানে আছে অ্যাং লি পরিচালিত ‘লাইফ অফ পাই’। আর ৮টি করে মনোনয়ন নিয়ে তৃতীয় অবস্থানে আছে ‘লা মিজারেবল’ এবং ‘সিলভার লাইনিংস প্লেবুক’। খবর বিবিসির।
সেরা চলচ্চিত্র বিভাগে স্থান পাওয়া নয়টি চলচ্চিত্র হলো, ‘লিঙ্কন’, ‘লাইফ অফ পাই’, ‘আমোর’, ‘লা মিজারেবল’, ‘সিলভার লাইনিংস প্লেবুক’, ‘আরগো’, ‘জিরো ডার্ক থার্টি’, ‘জ্যাঙ্গো আনচেইনড’ এবং ‘বিস্ট অফ দি সাউদার্ন ওয়াইল্ড’।
পূর্বানুমান অনুযায়ী সেরা পরিচালকের দৌড়ে স্টিভেন স্পিলবার্গ (লিঙ্কন), অ্যাং লি (লাইফ অফ পাই) এবং মিশেল হ্যানাকে (আমোর) মনোনীত হলেও এই তালিকায় স্থান হয় নি ‘লা মিজারেবল’এর পরিচালক টম হুপার এবং ‘আরগো’ এর পরিচালক বেন অ্যাফ্লেক-এর। এদের বদলে অনেকটা অপ্রত্যাশিতভাবেই তালিকায় জায়গা করে নিয়েছেন বেন জিটলিন (বিস্ট অফ দি সাউদার্ন ওয়াইল্ড) এবং ডেভিড ও রাসেল (সিলভার লাইনিংস প্লেবুক)।
সিনেমাগুলির মধ্যে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক ছাড়াও, সেরা অভিনেতা বিভাগে ব্র্যাডলি কুপার, সেরা অভিনেত্রী বিভাগে জেনিফার লরেন্স, সেরা সহ-অভিনেতার বিভাগে রবার্ট ডি নিরো এবং সেরা সহ-অভিনেত্রীর বিভাগে মনোনীত হয়েছেন জ্যাকি উইভার। গত ৩০ বছরের মধ্যে অস্কারে কোনো সিনেমার সেরা অভিনয়শিল্পীর সবগুলো মনোনয়ন প্রাপ্তি এটিই প্রথম।
বাফটা এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এর জন্য এবার যথাক্রমে নয়টি এবং সাতটি মনোনয়ন পাওয়ায় এবারের অস্কারের জন্য অনেকেই বাজি ধরছেন আব্রাহাম লিঙ্কনের এই জীবনীভিত্তিক সিনেমাটির ওপরে। সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালকের পুরষ্কার তো বটেই, অনেকেই মনে করছেন, লিঙ্কনের চরিত্রে অভিনয়ের জন্য এবার সেরা অভিনেতার পুরষ্কারটিও উঠছে এটির প্রধান অভিনেতা ড্যানিয়েল ডে লুইসের হাতে। এছাড়াও সেরা সহ-অভিনেতার বিভাগে টমি লি জোনস এবং সহ-অভিনেত্রীর বিভাগে স্যালি ফিল্ড মনোনয়ন পেয়েছেন এতে অভিনয়ের সুবাদে।
সেরা অভিনেতার বিভাগে ড্যানিয়েল ডে লুইস এবং ব্র্যাডলি কুপার ছাড়াও মনোনীত হয়েছেন হিউ জ্যাকম্যান (লা মিজারেবল), জোয়াকিন ফিনিক্স (দি মাস্টার) এবং ডেনজেল ওয়াশিংটন (দি ফ্লাইট)। ওদিকে সেরা অভিনেত্রীর দৌড়ে আছেন জেসিকা চ্যাস্টেইন (জিরো ডার্ক থার্টি), ইমানুয়েল রিভা (আমোর), কিউভেনজেন ওয়ালিস (বিস্ট অফ দি সাউদার্ন ওয়াইল্ড) এবং নাওমি ওয়াটস (দি ইম্পসিবল)।
সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্যও মনোনীত হয়েছে মিশেল হ্যানাকের ‘আমোর’। ২০১২ এর কান চলচ্চিত্র উৎসবের সেরা এই চলচ্চিত্রটি ছাড়াও তালিকায় রয়েছে আরো একটি ফরাসি ভাষার সিনেমা; কানাডিয়ান পরিচালক কিম গুয়েনের ‘ওয়ার উইচ’। এ ছাড়াও রয়েছে চিলির পরিচালক পাবলো লারাইন এর ‘নো’, ডেনিশ পরিচালক নিকোলাজ আরসেল এর ‘এ রয়াল অ্যাফেয়ার’ এবং নরওয়েজিয়ান পরিচালক জোয়াকিম রনিং এর ‘কন-টিকি’।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের তালিকায় মনোনীত হয়েছে ‘ব্রেভ’, ‘ফ্র্যাঙ্কেনউইনি’, ‘পাইরেটস! ব্যান্ডস অফ মিসফিটস’, ‘প্যারানরমান’ এবং ‘রেক ইট র্যাল্ফ’।
এতোসব মনোনয়নের মধ্যে শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি-এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে ২৪ ফেব্রুয়ারির রাত পর্যন্ত। সেদিনই কোডাক থিয়েটারে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ডস এর এই ৮৫ তম আসর।
