২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক যুব সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক যুব সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 09:23 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক যুব সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগ এবং পরিবেশবাদী সংগঠন গ্রিনবেল্ট ট্রাস্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এ সম্মেলন। সম্মেলন শেষ হবে ৯ মার্চ। সোমবার দুপুরে ঢাবির সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকালে ঢাবি সিনেট ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ। এছাড়া স্বাধীনতার ৪০ বছর পুর্তি উপলক্ষে দেশব্যপী ৪০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করবেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক। সংবাদ সম্মেলনে গ্রিনবেল্ট ট্রাস্টের ট্রাস্টি ফরচুন শামীম জানান, ভারত, পাকিস্তান, নেপাল, জাপানসহ মোট ১৭টি দেশের ৬০ জন আমন্ত্রিত অতিথিসহ প্রায় ৫০০ জন এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে চলাকালে পরিবেশ ও জলবায়ু, সবুজায়ন, নেতৃত্ব এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মোট ২৬টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এছাড়া সম্মেলনের গ্রিন পার্লামেন্ট অধিবেশনে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সচেতনতা বৃদ্ধির পক্ষে বিল উপস্থাপন করা হবে বলে জানান তিনি। আয়োজকরা জানায়, সম্মেলনের শেষ দিন ‘জাপান-বাংলাদেশ: আন্তর্জাতিক সর্ম্পকের ৪০ বছর পূর্তি’- অধিবেশনে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের হাইকমিশনার ও দেশের অন্যান্য বরেণ্য ব্যক্তিরা। সংবাদ সম্মেলনে গ্রিনবেল্ট ট্রাস্টের মহাপরিচালক জসিম কাতাবি, ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাকসুদ কামাল, সেবা বাংলাদেশের সভাপতি আমিনুল ইসলামসহ গ্রিনবেল্টের সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫২০ ঘ.