ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংস্কৃতিক চর্চায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য শিল্পী ফিরোজা বেগমসহ আট জনকে বাফা সম্মাননা ও বুলবুল পদক দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে শিশু একাডেমিতে বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) আয়োজিত সমাবর্তন ও পুনর্মিলনী অনুষ্ঠানে মনোনীতদের পদক দেওয়া হয়।
এ বছর পদক পেলেন- নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম, সেতার শিল্পী ওস্তাদ খুরশিদ জাহান, সঙ্গীত শিল্পী বিপুল ভট্টচার্য, সাংবাদিক এবিএম মূসা, নৃত্যশিল্পী পিনু খান, মাসিক সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ওস্তাদ আখতার সাদমানি (মরণোত্তর) এবং রবীন্দ্র সঙ্গীত শিল্পী কলিম শরাফী (মরণোত্তর)।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে শিল্প-সংস্কৃতিকে অগ্রগামী ব্যক্তিদের হাতে সাংস্কৃতিক সংগঠনগুলোর দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান।
"তবে এ ক্ষেত্রে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকদের স্থান দিতে হবে। তাহলে এসব প্রতিষ্ঠান কার্যকরী ভূমিকা পালন করতে পারবে", বলেন তিনি।
বাফা সভাপতি শামসুজ জাহান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম, সাংবাদিক কাজী রওনাক হোসেন, নৃত্যশিল্পী পিনু খান ও প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো. সাদ উল্লাহ প্রমুখ।
আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানের পর কবি জসিম উদদীনের নকশী কাঁথার মাঠ অবলম্বনে নৃত্যনাট্য পরিবেশন করেন বাফার শিল্পীরা।
এর আগে সকাল ১০টায় দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে বাফার বিভিন্ন শাখায় প্রশিক্ষণে উত্তীর্ণদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.
bdnews24