২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন প্রতিপাদ্য নিয়ে দৃকে হবে ছবি মেলা

দৃক গ্যালারির নিয়মিত দ্বিবার্ষিক আয়োজন 'ছবি মেলা-৬' নামে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ২০১১ আগামী ২১ জানুয়ারি ঢাকায় শুরু হবে। চলবে ৩ ফেব্র"য়ারি পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৃক গ্যালারির নিয়মিত দ্বিবার্ষিক আয়োজন 'ছবি মেলা-৬' নামে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ২০১১ আগামী ২১ জানুয়ারি ঢাকায় শুরু হবে। চলবে ৩ ফেব্র"য়ারি পর্যন্ত। 'স্বপ্ন' প্রতিপাদ্য নিয়ে এবার ৩০টি দেশের আলোকচিত্র শিল্পীদের ছবি এই উৎসবে প্রদর্শিত হবে। শিল্পকলা একাডেমিতে ২১ জানুয়ারি বিকাল চারটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আর্জেন্টাইন আইনজীবী ড. লুই মোরেনো-ওকাম্পো। মঙ্গলবার বিকালে ধানমণ্ডির দৃক গ্যালারিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উৎসবের পরিচালক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। সম্মেলনে জানানো হয়, শিল্পকলা একাডেমি, অলিয়ঁস ফ্রঁসেজ, এশিয়াটিক গ্যালারি অফ ফাইন আর্টস, ব্রিটিশ কাউন্সিল, দৃক গ্যালারি, গ্যেটে ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ১১টি গ্যালারিতে একযোগে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আইনজীবী মোরেনো-ওকাম্পোর সাথে ভিডিও কনফারেন্স ছাড়াও নয়টি কর্মশালা অনুষ্ঠিত হবে। গ্যেটে ইনস্টিটিউট মিলনায়তনে ২১-২৭ জানুয়ারি সন্ধ্যা থেকে বক্তৃতা, বিতর্ক, ডিজিটাল উপস্থাপনা এবং চলচ্চিত্র প্রদর্শিত হবে। শহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছবিকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসা এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ।" তিনি বলেন, "ইউরোপীয় ধাঁচে লিখিত-প্রচারিত ইতিহাস সংশোধন করে আলোকচিত্রের ইতিহাস নতুন করে লেখাতে এই ছবিমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" ১৯৯৯ সালে ঢাকায় প্রথম ছবি মেলা অনুষ্ঠিত হয়। এরপর প্রতি দুই বছর অন্তর ছবি মেলার আয়োজন করা হয়। অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম, দি ইন্ডিপেন্ডেন্ট, চ্যানেল আই, দৈনিক সমকাল ও রেডিও টুডে এ উৎসবের মিডিয়া পার্টনার। সংবাদ সম্মেলনে ছবি মেলার কিউরেটোরিয়াল পরিচালক এএসএম রেজাউর রহমান ছাড়াও দেশের বেশ কয়েকজন আলোকচিত্র শিল্পী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এসআই/কেএমএস/২২৫৩ ঘ.