২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জহির রায়হানের জন্মবার্ষিকীতে এফডিসির আলোচনা ও প্রদর্শনী

৫ আগস্ট চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ৭৩তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, ৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--৫ আগস্ট চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ৭৩তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে থাকবে জহির রায়হানের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ইত্যাদি। মঙ্গলবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে জহির রায়হানের দুটি সাড়া জাগানো প্রামাণ্যচিত্র দেখানো হবে। এছাড়া এখানে এ কৃতী নির্মাতার জীবন, সাহিত্য ও চলচ্চিত্রকর্ম নিয়ে আলোচনা এবং তার ওপর বোন শাহেনশাহ বেগমের নির্মিত প্রামাণ্যচিত্রের নির্বাচিত অংশের প্রদর্শনী হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যসচিব জামিল ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি সৈয়দ শামসুল হক এবং জহির রায়হানের যুক্তরাষ্ট্র প্রবাসী বোন শাহেনশাহ বেগম। এফডিসিকে এ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করছে বিনোদন সাময়িকী 'আনন্দ আলো।' জহির রায়হান ১৯৩৫ সালের ৪ আগস্ট ফেনীর মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৩০ জানুয়ারি বড় ভাই নিখোঁজ সাংবাদিক, লেখক শহীদুল্লাহ কায়সারের খোঁজে ঢাকার মীরপুরে গিয়ে নিখোঁজ হন। তখনো সেখানে অবস্থানকারী মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সশস্ত্র বিহারীরা তাকে হত্যা করে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২২৪৬ঘ.